বিশ্বের চোখ এখন বিশ্বকাপে
ক্ষণগণনা শেষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা এখন। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছে এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’।
ক্ষণগণনা শেষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা এখন। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছে এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’।
বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী প্রদর্শনী হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। এরপরই মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচ শুরু হলেও উৎসবের আমেজ শুরু হয়ে যাবে তারও দেড় ঘণ্টা আগে।
উদ্বোধনী মঞ্চে লাতিন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যাবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই সঙ্গে উন্মোচন করা হবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবাম। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ইতিমধ্যে একঝাঁক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার নাম নিশ্চিত করেছে ফিফা। এই তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানা ও টাইলা। আয়োজকদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে চমক হিসেবে যুক্ত হতে পারে আরও কিছু বড় নাম।
এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ গত মে মাসে মুক্তি পেয়েছে। ফিফা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে, উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে এই গানের লাইভ পরিবেশন করবেন পপসম্রাজ্ঞী শাকিরা।
এই পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন কলম্বিয়ান এই গায়িকা। এটি হবে বিশ্বকাপের অফিশিয়াল গানে শাকিরার চতুর্থ অংশগ্রহণ। এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিশ্ব কাঁপানো ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা’ গেয়ে ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।
কানাডার টরন্টোয় ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে থাকছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়ও।
বাংলাদেশ সময় ১৩ জুন সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগেও সেখানে হবে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান। যে অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। আরও পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র্যাপার ফিউচার। আরও থাকছেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।
শুধু তিন আয়োজক দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানই নয়, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-তেও মূল আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা। সেখানে তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করবে উগান্ডার বিখ্যাত শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’। সুপার বোলের ‘হাফটাইম শো’র মতো বিশ্বকাপ ফাইনালের মাঝ বিরতিতে দেখা যাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যা বিশ্বকাপে এবারই প্রথম।
ডালাস বার্তা ডেস্ক