বাড়ির পার্টিতে গুলি করে খুন, ৪৮ ঘণ্টা পর ডালাসে কিশোর আটক
টেক্সাসের লাভনে বাড়ির এক পার্টিতে গুলিতে ২৪ বছর বয়সী রোমিও ইংলিশ নিহতের ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪৮ ঘণ্টার অনুসন্ধান শেষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ডালাস থেকে তাকে কোনো প্রতিরোধ ছাড়াই আটক করা হয় বলে জানিয়েছে লাভন পুলিশ।
পুলিশের তথ্যমতে, শনিবার রাত ৯টার দিকে ক্রেস্টরিজ মেডোজ এলাকায় ইংলিশ ও কিশোরটির মধ্যে কথা-কাটাকাটির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ইংলিশকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
পুলিশপ্রধান মাইক জোনস জানান, ঝগড়া থেমে যাওয়ার কিছুক্ষণ পর কিশোরটি আগ্নেয়াস্ত্র বের করে কাছ থেকে একাধিক গুলি ছোড়ে। দুজনের পরিচয় সেদিনই হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের।
ঘটনার পর সন্দেহভাজন কিশোরটি এলাকা ছাড়িয়ে পালিয়ে যায়, ফলে আশপাশের স্কুলগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জারি করা হয়। তিনি কমিউনিটি ট্রেইলস মিডল স্কুলের শিক্ষার্থী হলেও ১১ নভেম্বরের পর স্কুলে যাননি বলে জানিয়েছে জেলা কর্তৃপক্ষ। তাকে গ্রেপ্তারের পর তিনটি ক্যাম্পাসে দর্শনার্থী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
নিহতের অন্তঃসত্ত্বা বান্ধবী লাডেরিকা ব্রাউনফিল্ড বলেন, তাঁদের অনাগত সন্তান এখন বাবাকে ছাড়াই হয়ে বড় হবে। ১৪ বছর বয়সী কিশোরের হাতে কীভাবে অস্ত্র এলো—তা নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে।
ডালাসে গ্রেপ্তারে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি, কলিন ও ডালাস কাউন্টি শেরিফ দপ্তরসহ একাধিক সংস্থা সহায়তা করে। পুলিশ বলছে, এটি লক্ষ্যভিত্তিক হামলা; জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তদন্ত চলমান, তথ্য থাকলে লাভন পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: ফক্স ফোর