ফোর্ট ওর্থে লাইসেন্স প্লেট চুরির হিড়িক, সতর্ক থাকার আহ্বান পুলিশের
নতুন বছরের শুরুতেই ফোর্ট ওর্থবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছে স্থানীয় পুলিশ। শহরে গাড়ির লাইসেন্স প্লেট চুরির ঘটনা বাড়ছে বলে জানিয়েছে ফোর্ট ওর্থ পুলিশ বিভাগ।
নতুন বছরের শুরুতেই ফোর্ট ওর্থবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছে স্থানীয় পুলিশ। শহরে গাড়ির লাইসেন্স প্লেট চুরির ঘটনা বাড়ছে বলে জানিয়েছে ফোর্ট ওর্থ পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, দোকানের পার্কিং লট কিংবা নিজের বাসার ড্রাইভওয়েতেই কয়েক সেকেন্ডের মধ্যে লাইসেন্স প্লেট চুরি হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে চালক গাড়ি পার্ক করে ফিরে এসে দেখেন, প্লেট উধাও।
ফোর্ট ওর্থের বাসিন্দা জিমি কুক বলেন, কাজ থেকে বাড়ি ফিরে মাত্র ৩০ মিনিটের মধ্যেই তাঁর গাড়ির লাইসেন্স প্লেট চুরি হয়ে যায়। যা তাঁর কাছে একটা বিস্ময়ও, ‘এটা আমাকে সত্যিই অবাক করেছে।’
পুলিশের ভাষ্য, চুরি হওয়া লাইসেন্স প্লেট প্রায়ই অন্য গাড়িতে লাগানো হয়—অনেক সময় সেগুলোও চোরাই গাড়ি। পরে এসব প্লেট ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়, যার মধ্যে প্রতারণা ও পরিচয় চুরির ঝুঁকিও রয়েছে।
ফোর্ট ওর্থ পুলিশ বিভাগের কর্মকর্তা ড্যানিয়েল সেগুরা জানান, বেশিরভাগ সময় গাড়ির সামনের লাইসেন্স প্লেটই চুরি হয়। কারণ, দেয়াল বা অন্য গাড়ির দিকে মুখ করা থাকায় আড়াল পায় চোরেরা। আর দুটি ছোট স্ক্রু থাকায় প্লেট খুলে নিতে সময়ও বেশি লাগে না।
পুলিশ চালকদের প্রতিদিন গাড়ি ব্যবহারের সময় লাইসেন্স প্লেট আছে কি না, তা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে। সেগুরার ভাষায়, ‘মল, দোকান বা বাসা থেকে বের হওয়ার সময় একবার তাকিয়ে দেখুন—দুটি প্লেটই আছে কি না। কোনোটি না থাকলে সঙ্গে সঙ্গে পুলিশে জানান।’
জিমি কুক জানান, তাঁর গাড়ির চুরি হওয়া প্লেট এখনো কোনো প্রতারণায় ব্যবহৃত হয়নি—এতে তিনি স্বস্তিতে আছেন। তবে অন্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গাড়ির লাইসেন্স প্লেট চুরি হলে করণীয় সম্পর্কে ফোর্ট ওর্থ পুলিশের পরামর্শ—
· পুলিশে অভিযোগ (রিপোর্ট) দায়ের করে কপি সংগ্রহ করতে হবে।
· কাউন্টি মোটর ভেহিকল অফিসে যোগাযোগ করে নতুন প্লেটের জন্য আবেদন করতে হবে।
· টোল ট্যাগ অ্যাকাউন্টে অননুমোদিত চার্জ আছে কি না, তা পরীক্ষা করতে হবে।
· গাড়ির বীমা কোম্পানিকে লাইসেন্স প্লেট চুরির তথ্য জানিয়ে রাখতে হবে।
· আর্থিক হিসাব ও ব্যক্তিগত তথ্যের দিকে খেয়াল রাখতে হবে।
সামান্য অসতর্কতাই বড় ঝামেলার কারণ হতে পারে। তাই গাড়িচালকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: এনবিসি ৫