ডালাসে এসে খেলা দেখার পরিকল্পনা করছেন?, থাকার খরচটাও জেনে নিন
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ডালাসে আসা ফুটবল সমর্থকদের আবাসনের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নিতে হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর একটি।
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ডালাসে আসা ফুটবল সমর্থকদের আবাসনের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নিতে হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর একটি।
শিক্ষার্থী ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ‘রাস্টিক পাথওয়েজ’ পরিচালিত গবেষণায় উত্তর আমেরিকার ১৬টি আয়োজক শহরের ২০২৬ সালের জুন ও জুলাই মাসের এয়ারবিএনবি তালিকা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, গড়ে রাতপ্রতি ২৫১ দশমিক ১৯ ডলার ভাড়াসহ ডালাস তালিকার চতুর্থ ব্যয়বহুল শহর।
গবেষণা অনুযায়ী, ডালাসের গড় ভাড়া বিশ্বকাপের সব আয়োজক শহরের গড় হার ২২৮ দশমিক ২১ ডলারের তুলনায় ১০ শতাংশের বেশি। এছাড়া সবচেয়ে সাশ্রয়ী আয়োজক শহর মেক্সিকোর গুয়াদালাহারার তুলনায় এটি প্রায় ১৮২ শতাংশ বেশি।
ডালাস অঞ্চলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। ১৭ জুন ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে সেখানে বিশ্বকাপের খেলা শুরু হবে।
তালিকায় সবচেয়ে ব্যয়বহুল আয়োজক শহর হিসেবে শীর্ষে রয়েছে মিসৌরির কানসাস সিটি, যেখানে গড় রাতপ্রতি ভাড়া ৫৩৯ দশমিক ৯৫ ডলার। দ্বিতীয় স্থানে কানাডার ভ্যাঙ্কুভার (৪৬১ দশমিক ৫২ ডলার) এবং তৃতীয় স্থানে বোস্টন (২৯২ দশমিক ৯৯ ডলার)।
অন্যদিকে সবচেয়ে সাশ্রয়ী আবাসনের সুযোগ পাওয়া যাবে মেক্সিকোর শহরগুলোতে। গুয়াদালাহারায় গড় রাতপ্রতি ভাড়া ৮৯ দশমিক ০৬ ডলার, মেক্সিকো সিটিতে ১৩১ দশমিক ৬৬ ডলার এবং মনতেরেতে ১৩৪ দশমিক ৮০ ডলার।
রাস্টিক পাথওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শেইন ফিটজ-কয় বলেন, তিনটি আয়োজক দেশের আবাসন ব্যয়ে বড় পার্থক্য রয়েছে। কানাডায় গড় রাতপ্রতি ভাড়া ৩০৮ দশমিক ০২ ডলার, যুক্তরাষ্ট্রে ২৪৩ দশমিক ৬২ ডলার এবং মেক্সিকোতে ১১৮ দশমিক ৫১ ডলার।
তাঁর মতে, কানসাস সিটির উচ্চ ভাড়ার মূল কারণ চাহিদা নয়, বরং সীমিত আবাসন অবকাঠামো। তিনি বলেন, “কানসাস সিটি তুলনামূলক ছোট শহর এবং সেখানে থাকার জায়গা কম। ফলে একই হোটেল ও এয়ারবিএনবি’র জন্য অনেক মানুষ প্রতিযোগিতা করছে। অন্যদিকে মেক্সিকো সিটি বা লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলো সহজেই বিপুলসংখ্যক দর্শনার্থীকে সামাল দিতে পারে।”
এদিকে টেক্সাসের আরেক আয়োজক শহর হিউস্টন তুলনামূলকভাবে সাশ্রয়ী বিকল্প হিসেবে উঠে এসেছে। তালিকায় এর অবস্থান ১১তম এবং সেখানে গড় রাতপ্রতি ভাড়া ১৬৩ দশমিক ১৬ ডলার।
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
তথ্যসূত্র: ফক্স ফোর