নাহিদ রানার আগুনে বোলিংয়ে ছারখার পাকিস্তান
মিরপুরে শেষ বিকেলের নাটকীয়তায় পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার আগুনে বোলিংয়ে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৩ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। তাতে ১০৪ রানের দাপুটে জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুরে শেষ বিকেলের নাটকীয়তায় পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার আগুনে বোলিংয়ে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৩ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। তাতে ১০৪ রানের দাপুটে জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মঙ্গলবার চা বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৬ রান। তখনও ম্যাচে টিকে ছিল সফরকারীরা। হাতে ছিল ৭ উইকেট, জয়ের জন্য দরকার ছিল আরও ১৫২ রান। কিন্তু বিরতির পর পুরো চিত্রটাই বদলে দেন নাহিদ রানা।
দারুণ গতি আর নিয়ন্ত্রিত সুইংয়ে পাকিস্তানি ব্যাটারদের একের পর এক ভুগিয়েছেন এই ডানহাতি পেসার। সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে মোহাম্মদ রিজওয়ানের উইকেটে। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা বল ছেড়ে দিতে গিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার। কিন্তু বল ভেতরে ঢুকে স্টাম্প উড়িয়ে দিলে বিস্ময়ে হতভম্ব হয়ে যান তিনি।
রিজওয়ানের বিদায়ের পর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ১৫২ রানে ৬ উইকেট হারানো দলটি শেষ ১১ রানে হারিয়েছে শেষ ৫ উইকেট। ৪০ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন নাহিদ রানা। বাংলাদেশের কোনো পেসারের টেস্টের চতুর্থ ইনিংসে এটিই প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আবদুল্লাহ ফজল। ১১৩ বলের ইনিংসে তিনি মারেন ১১টি চার। এছাড়া অধিনায়ক সালমান আলী আগা করেন ২৬ রান। বাকি ব্যাটাররা কেউই প্রতিরোধ গড়তে পারেননি।
তবে ম্যাচসেরার পুরস্কার গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। দুই ইনিংসে ১০১ ও ৮৭ রান করে গড়েছেন অনন্য এক রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো ব্যাটার টেস্টের দুই ইনিংসেই ৮০-এর বেশি রান করলেন।
এই জয়ে অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭ টেস্ট জয়ের মুশফিকুর রহিমের রেকর্ডও ছুঁয়েছেন শান্ত। পাশাপাশি বাংলাদেশের জেতা টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় ৫২০ রান নিয়ে পেছনে ফেলেছেন মুশফিককে।
দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার, সিলেটে। সেই ম্যাচেও অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
ডালাস বার্তা প্রতিবেদক