যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়, বাতিল ৫৭০০ ফ্লাইট
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী তুষারঝড়ে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। লাখো মানুষ বিদ্যুৎহীন, বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা; বাতিল হয়েছে ৫ হাজার ৭০৬টির বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী তুষারঝড়ে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। লাখো মানুষ বিদ্যুৎহীন, বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা; বাতিল হয়েছে ৫ হাজার ৭০৬টির বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে এবং নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। অবশ্য নর্থ ক্যারোলাইনা থেকে মেরিন পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি ছিল।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্স। এখানে ৩৬ ইঞ্চি তুষারপাত, যা ১৯৭৮ সালের রেকর্ড ভেঙেছে। অপ্রয়োজনীয় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে রোড আইল্যান্ড ও কানেকটিকাট। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও দক্ষিণ-পূর্বাঞ্চলে ড্রাইভিং নিষিদ্ধ করে প্রধান মহাসড়কে গতিসীমা কমিয়েছেন।
বিদ্যুৎ বিভ্রাট ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ম্যাসাচুসেটসে প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন, যার মধ্যে বার্নস্ট্যাবল কাউন্টির (পুরো কেপ কডসহ) ৮৫ শতাংশ গ্রাহক অন্তর্ভুক্ত। নিউইয়র্ক সিটিতে যাতায়াত নিষেধাজ্ঞার ফলে ৮০ লক্ষাধিক মানুষের এই শহরটি প্রায় স্থবির হয়ে পড়েছিল, যদিও স্থানীয় সময় দুপুর ১২টায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে সমস্ত রাস্তা, হাইওয়ে এবং সেতু বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৫ হাজার ৭০৬ ছাড়িয়েছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর থেকে ৯৮ শতাংশ ফ্লাইট এবং জেএফকে থেকে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সোমবার ৯২ শতাংশ বহির্গামী ফ্লাইট বাতিল করেছে, নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি এয়ারপোর্ট ৯২ শতাংশ এবং ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৮০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।
তথ্যসূত্র: বিবিসি