মেস্কুইট আইএসডির বাজেটে ২৪ মিলিয়ন ডলার কাটছাঁট, শতাধিক পদ বিলুপ্ত
নর্থ টেক্সাসের অন্যান্য স্কুল ডিস্ট্রিক্টের মতো শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও বাজেট সংকটে পড়েছে মেস্কুইট ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (মেস্কুইট আইএসডি)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য অন্তত ২৪ মিলিয়ন ডলার বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে শতাধিক পদ বিলুপ্ত হবে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ট আঞ্জেল রিভেরা।
নর্থ টেক্সাসের অন্যান্য স্কুল ডিস্ট্রিক্টের মতো শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও বাজেট সংকটে পড়েছে মেস্কুইট ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (মেস্কুইট আইএসডি)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য অন্তত ২৪ মিলিয়ন ডলার বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে শতাধিক পদ বিলুপ্ত হবে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ট আঞ্জেল রিভেরা।
মঙ্গলবার ওয়েস্ট মেস্কুইট হাই স্কুলে কর্মীদের সঙ্গে বৈঠকে রিভেরা বলেন, ভারসাম্যপূর্ণ বাজেট পেশ করতে গিয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাঁর ভাষায়, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের দিক বদলাতে হচ্ছে। কিছু না করলে পরিস্থিতি আরও খারাপ হতো।’
২০১৭ সালে মেস্কিইট আইএসডিতে শিক্ষার্থী ছিল প্রায় ৪০ হাজার ৯০০ জন। চলতি শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার ৭০০-তে। তবে একই সময়ে কর্মী সংখ্যা বেড়ে ৫ হাজার ২০০ থেকে প্রায় ৫ হাজার ৮০০-তে পৌঁছেছে।
মেস্কুইট আইএসডির মোট পরিচালন বাজেটের প্রায় ৮৫ শতাংশই ব্যয় হয় বেতনে। ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে ১০৩টি শিক্ষক পদসহ সেকেন্ডারি স্তরের ৬৭টি শিক্ষক পদ, সংগীতের ৮টি, চারুকলার ৬টি এবং শারীরিক শিক্ষার ৩৩টি সহকারী পদ বাতিল করা হবে। এছাড়া ৭৪ জন খণ্ডকালীন লাঞ্চ মনিটর, ৪২ জন দ্বিভাষিক সহকারী, ৩৪ জন কিন্ডারগার্টেন সহকারী এবং ১৪টির বেশি ক্যাম্পাস ক্লারিকাল পদ বিলুপ্ত হবে। ইএসএল শিক্ষকের পদ কমবে ১৫টি।
তবে মেয়াদি চুক্তিভিত্তিক সব শিক্ষকই আগামী শিক্ষাবর্ষে চাকরিতে থাকবেন। যাঁদের ওপর এই কাটছাঁটের প্রভাব পড়বে, তাঁদের আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে জানানো হবে। ক্ষতিগ্রস্ত কর্মীদের ডিস্ট্রিক্টের অন্য খালি পদে আবেদন করতে উৎসাহ দিয়েছে কর্তৃপক্ষ। আগাম অবসর নিলে ২৫০ ডলার প্রণোদনাও দেওয়া হবে।
এদিকে রাজ্যজুড়ে স্কুল বাজেট সংকট ঘনীভূত হচ্ছে। বাজেট সংকটে নর্থ টেক্সাসের কিছু জেলা স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গ্রেপভাইন–কলিভিল আইএসডি দুটি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। গ্র্যান্ড প্রেইরি ও সাউথলেক ক্যারল আইএসডি একীভূতকরণসহ বিভিন্ন বিকল্পও বিবেচনা করা হচ্ছে।
শিক্ষা–সংশ্লিষ্টরা বলছেন, রাজ্য থেকে বরাদ্দ অর্থ পর্যাপ্ত নয়। চলতি বছর টেক্সাস আইনসভা শিক্ষার্থীপ্রতি ভিত্তি বরাদ্দ মাত্র ৫৫ ডলার বাড়িয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি সামাল দিতে এই বৃদ্ধি অন্তত ১ হাজার ৩০০ ডলার হওয়া দরকার ছিল বলে বিশেষজ্ঞদের অভিমত। তারপরও রিভেরা আশাবাদী, ‘বছরের পর বছর ধরে অনেক বাধা এসেছে। আমরা একসঙ্গে সব বাধা পেরিয়েছি। এবারও পারব।’
তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ