ট্রাভিস কাউন্টিতে হামের হানা, ২০২৫ সালের পর প্রথম শনাক্ত
অস্টিনের ট্রাভিস কাউন্টিতে ২০২৫ সালের পর প্রথমবারের মতো হাম রোগী শনাক্ত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সময় ভাইরাসে আক্রান্ত হন টিকা না নেওয়া এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
অস্টিনের ট্রাভিস কাউন্টিতে ২০২৫ সালের পর প্রথমবারের মতো হাম রোগী শনাক্ত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সময় ভাইরাসে আক্রান্ত হন টিকা না নেওয়া এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়ানোর মতো অবস্থায় গত ৪ মে সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সেন্ট ডেভিডস ইমার্জেন্সি সেন্টারে অবস্থান করেছিলেন। এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
অস্টিন-ট্রাভিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডেসমার ওয়াকস বলেন, ‘হাম আবার আমাদের কমিউনিটিতে ফিরে এসেছে। বিশেষ করে টিকা না নেওয়া শিশু, গর্ভবতী নারী ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি বড় ঝুঁকি।’
তিনি আরও বলেন, ‘হাম শুধু ত্বকে ফুসকুড়ি নয়; এটি হাসপাতালে ভর্তি এমনকি মৃত্যুর কারণও হতে পারে। যারা এখনো টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়া উচিত।’
স্বাস্থ্য বিভাগ জানায়, হাম অত্যন্ত সংক্রামক এবং আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাসটি বাতাস ও বিভিন্ন পৃষ্ঠে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
সাধারণত সংস্পর্শে আসার সাত থেকে ১৪ দিনের মধ্যে জ্বর, কাশি, ত্বকে র্যাশ, চোখ লাল হয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া এবং মুখ ও গলার ভেতরে ছোট সাদা দাগের মতো উপসর্গ দেখা দিতে পারে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকার দুটি ডোজ গ্রহণ করা। টিকাটি চিকিৎসকের চেম্বার, ফার্মেসি ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়।
তথ্যসূত্র: কেএক্সএএন