আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি: এপস্টেইন ইস্যুতে বিল ক্লিনটন সাক্ষ্য

কুখ্যাত যৌন অপরাধী ও অর্থ লগ্নিকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সংযোগ নিয়ে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, তিনি কোনো ভুল করেননি এবং এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।

Feb 27, 2026 - 22:06
আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি: এপস্টেইন ইস্যুতে বিল ক্লিনটন সাক্ষ্য
শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন বিল ক্লিনটন। ছবি: সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী ও অর্থ লগ্নিকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সংযোগ নিয়ে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, তিনি কোনো ভুল করেননি এবং এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।

যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে শুক্রবার নিউইয়র্কের চাপাকুয়া থেকে সাক্ষ্য দেন ক্লিনটন। লিখিত বিবৃতিতে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত পরিচয় বহু বছর আগেই শেষ হয়েছে। ‘আমি কখনো দেখিনি বা অনুমান করিনি যে তিনি কোনো অপরাধ করছেন। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আমি যা জানি তাই বলছি’—বলেন তিনি।

সাক্ষ্যে ক্লিনটন জোর দিয়ে বলেন, ‘আমি কিছুই দেখিনি, আমি ভুল কিছুই করিনি। যা করেছি তা জানি; যা করিনি, তা আরও গুরুত্বপূর্ণ।’

এর একদিন আগে একই কমিটির সামনে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন। তিনি জানান, এপস্টেইনের সঙ্গে দেখা করেছেন বলে তাঁর মনে পড়ে না। এপস্টেইনের সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলকে কেবল সাধারণ পরিচিত হিসেবে জানতেন বলে উল্লেখ করেন তিনি।

স্ত্রীর সাক্ষ্য নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিল ক্লিনটন। তাঁর ভাষ্য, ‘এপস্টেইনের সঙ্গে হিলারির কোনো সম্পর্ক নেই। তাঁকে এখানে আনা ঠিক হয়নি।’

সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা যায়, ১৯৯০-এর দশক থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্লিনটনের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ ছিল। প্রেসিডেন্ট থাকাকালে এপস্টেইন হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং ক্লিনটন তাঁর ব্যক্তিগত বিমানে একাধিকবার ভ্রমণ করেন। তাঁদের একসঙ্গে বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। তবে ক্লিনটন দাবি করেছেন, তিনি কখনো এপস্টেইনের কুখ্যাত ব্যক্তিগত দ্বীপে যাননি।

ক্লিনটনের ভাষায়, ‘যদি আমি কিছু জানতাম, কখনোই তাঁর প্লেনে যেতাম না। আমি ন্যায়ের পক্ষেই কাজ করতাম।’

কমিটির চেয়ারম্যান জেমস কোমার জানিয়েছেন, হিলারির সাক্ষ্য তাঁদের প্রশ্নের কাঠামো নির্ধারণে সহায়তা করেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে