উত্তরায় আবাসিক ভবনে আগুন, কেড়ে নিল ৬ জনের প্রাণ
রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতরা দুটি পরিবারের সদস্য। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতরা দুটি পরিবারের সদস্য। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকালে প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।নিহতরা হলেন—কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের আড়াই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান। রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। ঘটনার সময় তাদের আরেক ছেলে কাজী ফাইয়াজ রাফসান উত্তরায় নানীর বাসায় থাকায় সে প্রাণে বেঁচে যায়।
অপর নিহত তিনজন একই পরিবারের—হারিছ উদ্দিন (৫২), তার ছেলে রাহাব (১৭) ও ভাতিজি রোদেলা আক্তার (১৪)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
ওসি রফিক সংবাদমাধ্যমকে বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালে রাব্বি, হারিছ ও রাহাব মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আফরোজা। লুবানা জেনারেল হাসপাতালে রোদেলা আক্তার এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতালে শিশু রিশানের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) কন্ট্রোল রুম জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। চার মিনিটের মধ্যে খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ওপরের তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়। উদ্ধার অভিযানে ভবনের ভেতর আটকা পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।
ডালাস বার্তা প্রতিবেদক