ডেটা সেন্টার নির্মাণে স্থগিতাদেশ দিতে টেক্সাসের হিল কাউন্টির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কাউন্টি ডেটা সেন্টার নির্মাণে সাময়িক স্থগিতাদেশ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের কাছাকাছি অবস্থিত এই কাউন্টি যুক্তরাষ্ট্রে এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রথম দিকের অঞ্চলগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কাউন্টি ডেটা সেন্টার নির্মাণে সাময়িক স্থগিতাদেশ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের কাছাকাছি অবস্থিত এই কাউন্টি যুক্তরাষ্ট্রে এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রথম দিকের অঞ্চলগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার হিল কাউন্টি কমিশনারস কোর্টের বৈঠকে ৩-২ ভোটে এক বছরের জন্য নতুন ডেটা সেন্টার নির্মাণে স্থগিতাদেশের প্রস্তাব পাস হয়। তবে বর্তমানে যেসব প্রকল্প নির্মাণাধীন রয়েছে, সেগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। নির্দিষ্ট পরিস্থিতিতে স্থগিতাদেশ প্রত্যাহারের সুযোগও রাখা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবায়নের আইনগত ক্ষমতা কাউন্টির রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাউন্টি কমিশনারদের মতে, স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরিচালনাধীন ডেটা সেন্টারগুলোর কারণে জনস্বাস্থ্য, পরিবেশ, পানি ব্যবহার, অগ্নিনিরাপত্তা, শব্দ ও আলোকদূষণ এবং স্থানীয় সড়কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে।
হিল কাউন্টির পিসিটি-১ কমিশনার জিম হোলকম্ব বলেন, ‘ডেটা সেন্টার কোম্পানিগুলো এমন একটি জায়গা খুঁজে পেয়েছে, যেখানে নিয়ন্ত্রণ, তদারকি ও বিধিনিষেধ সীমিত। তারা এত দ্রুত আসছে যে আমরা তাল মেলাতে পারছি না।’
তিনি আরও বলেন, পর্যাপ্ত গবেষণা, নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত উন্নয়ন ধীর করা জরুরি।
মঙ্গলবারের বৈঠকে বহু বাসিন্দা স্থগিতাদেশের পক্ষে বক্তব্য দিলেও ডেটা সেন্টারের পক্ষে কেউ কথা বলেননি। এক বক্তা বলেন, ‘এই কেন্দ্রগুলো ১০ বছরের মধ্যে অচল হয়ে যাবে। তখন কী হবে?’
তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এত বড় পরিসরে স্থগিতাদেশ কার্যকর করার ক্ষমতা আদৌ কাউন্টির আছে কি না। বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, ডেভেলপারদের পক্ষ থেকে আইনি চ্যালেঞ্জ আসতে পারে।
টেক্সাসে বর্তমানে ৪০০টির বেশি ডেটা সেন্টার চালু রয়েছে, নির্মাণাধীন আছে বা পরিকল্পনার পর্যায়ে রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে ডেটা সেন্টারের সংখ্যায় অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রে শীর্ষে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি গুগল টেক্সাসে ৪০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এছাড়া ওপেন এআই এবং ওরাকলও নতুন প্রকল্প চালু করেছে।
ইলেকট্রিক রিলায়েবিলিটি কাউন্সিল অব টেক্সাস (ইআরসিওটি) সম্প্রতি পূর্বাভাস দিয়েছে, ২০৩২ সালের মধ্যে টেক্সাসের বিদ্যুৎ চাহিদা বর্তমানের তুলনায় চার গুণ পর্যন্ত বাড়তে পারে এবং এর বড় কারণ হবে ডেটা সেন্টার শিল্প। সংস্থাটির হিসাব অনুযায়ী, শুধু ডেটা সেন্টার থেকেই বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট থেকে বেড়ে ছয় বছরের মধ্যে ২ লাখ ৩৫ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে।
অন্যদিকে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সতর্ক করেছেন, ২০৪০ সালের মধ্যে ডেটা সেন্টারগুলো টেক্সাসের মোট পানির ৯ শতাংশ পর্যন্ত ব্যবহার করতে পারে। বর্তমানে যা ১ শতাংশেরও কম। এতে উৎপাদনশিল্পের তুলনায়ও বেশি পানি ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিল কাউন্টির কমিশনার জিম হোলকম্ব আশা প্রকাশ করেছেন, অঙ্গরাজ্য সরকার তাদের এই সিদ্ধান্তকে বিদ্যমান আইনের প্রতি অবাধ্যতা হিসেবে দেখবে না; বরং দ্রুত বাড়তে থাকা সমস্যাগুলো মোকাবিলায় সহায়তার আবেদন হিসেবে বিবেচনা করবে।
তথ্যসূত্র: ফক্স ফোর