চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯০
উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই চীনের সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা। এর আগে ২০২৩ সালে ইনার মঙ্গোলিয়ার একটি খনি ধসে ৫৩ শ্রমিক নিহত হয়েছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। খনির ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের সময় ভূগর্ভে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল পর্যন্ত ২০১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হলেও কয়লা এখনো চীনের প্রধান জ্বালানি উৎস। দেশটির মোট জ্বালানি চাহিদার অর্ধেকের বেশি আসে কয়লা থেকে।
শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন কেন্দ্র। তবে অঞ্চলটির খনি শিল্প দীর্ঘদিন ধরেই দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্য সমালোচিত।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও খনি কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না তা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে চীনা কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: সিনহুয়া, আল জাজিরা