মাথায় অভিশাপ নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা
হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই চূড়ায় ওঠার পথে ছিল কিছুটা নাটকীয়তা। শীর্ষে থেকে বিশ্বকাপে যাওয়াটা মর্যাদার হলেও এর সঙ্গে জড়িয়ে আছে ফুটবলের এক অদ্ভুত ‘অভিশাপ’।
হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই চূড়ায় ওঠার পথে ছিল কিছুটা নাটকীয়তা। শীর্ষে থেকে বিশ্বকাপে যাওয়াটা মর্যাদার হলেও এর সঙ্গে জড়িয়ে আছে ফুটবলের এক অদ্ভুত ‘অভিশাপ’।
১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে আজ পর্যন্ত কোনো শীর্ষ দল বিশ্বকাপ জিততে পারেনি! তবে এসব পরিসংখ্যান বা জুজু নিয়ে মোটেও ভাবছেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকাটা সম্মানের হলেও ইতিহাস বলছে অন্য কথা। ১৯৯৪ বিশ্বকাপের আগে শীর্ষে থাকা জার্মানি বাদ পড়ে কোয়ার্টার ফাইনালে। ১৯৯৮, ২০০৬, ২০১০ ও ২০২২ বিশ্বকাপে শীর্ষে থেকে খেলতে নেমে শিরোপা জিততে ব্যর্থ হয় ব্রাজিল। ২০০২ সালে ফ্রান্স, ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানি শীর্ষে থেকে বিশ্বকাপে গিয়ে চরম হতাশা নিয়ে ফিরেছে।
আইসল্যান্ডের বিপক্ষে গতকাল ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। বদলি হিসেবে মাঠে নেমে দুই মিনিটের মাথায় গোলও করেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে নিজের শারীরিক অবস্থা নিয়ে মেসি বলেন, ‘শুরু থেকেই দারুণ উপভোগ করছি। বেশ কিছুদিন ধরেই খেলার জন্য মুখিয়ে ছিলাম, যদিও এখানে আসার পর থেকেই একটা অস্বস্তি (ইনজুরি) ভোগাচ্ছিল। তবে আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নেমে খুব ভালো লেগেছে।’
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে মেসি বলেন, ‘বরাবরের মতোই, যেকোনো টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা ভীষণ রোমাঞ্চিত থাকি। আমি আগেও বলেছিলাম, এই দলটা কাউকে হতাশ করবে না। তারা এই বছরও সেটি প্রমাণ করেছে, যেকোনো প্রতিপক্ষ বা যেকোনো টুর্নামেন্টে তারা সমান ইচ্ছা ও উদ্দীপনা নিয়ে লড়াই করে যাচ্ছে।’
দলের লড়াকু মানসিকতা নিয়ে সমর্থকদের আশ্বস্ত করে তিনি আরও যোগ করেন, ‘সাধারণ মানুষ যেন নিশ্চিত থাকে যে আমরা আমাদের সবটুকু ঢেলে দেব—যেমনটা আমরা এত দিন ধরে করে আসছি। আমি যত দিন জাতীয় দলে আছি, আমরা সব সময় এটাই করেছি। কখনো ভাগ্য সহায় হয়, কখনো হয় না। আমরা আবারও এর পুনরাবৃত্তি করার চেষ্টা করব। তবে দিন শেষে এটা ফুটবল—সব সময় সবকিছু পরিকল্পনা অনুযায়ী না-ও মিলতে পারে। কিন্তু এটুকু নিশ্চিত থাকুন, আমাদের হারানো যেকোনো প্রতিপক্ষের জন্যই অত্যন্ত কঠিন হবে; কারণ, আমরা ভীষণ লড়াকু এক দল।’
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে।
ডালাস বার্তা ডেস্ক