ডালাসে ঝলমলে ক্রিসমাস: দেখার আছে অনেক কিছু
ছুটির মৌসুম এলেই আলোর শহরে পরিণত হয় ডালাস। ব্যতিক্রম হয়নি এবারও। ডিসেম্বর মাস শুরুর আগেই প্রতি বছরের মতো আলোয় সেজেছে ডালাস–ফোর্ট ওর্থ মেট্রোপ্লেক্স। শুরু হয়েছে রঙ, আলো আর উৎসবের সমারোহ।
ছুটির মৌসুম এলেই আলোর শহরে পরিণত হয় ডালাস। ব্যতিক্রম হয়নি এবারও। ডিসেম্বর মাস শুরুর আগেই প্রতি বছরের মতো আলোয় সেজেছে ডালাস–ফোর্ট ওর্থ মেট্রোপ্লেক্স। শুরু হয়েছে রঙ, আলো আর উৎসবের সমারোহ।
শহরের বোটানিক গার্ডেন, চিড়িয়াখানা, শপিং মল—সব মিলিয়ে শতাধিক স্থানের আলো উৎসব। লাইট শো, ড্রাইভ–থ্রু টানেল থেকে হাঁটাপথের লাইট টানেল-কী নেই ক্রিসমাসের বর্ণিল আয়োজনে! কালচারম্যাপের সাজানো ‘আলটিমেট ক্রিসমাস লাইট গাইড’ নিয়ে পাঠকদের জন্য ডালাস বার্তার এই আয়োজন।
ড্রাইভ-থ্রু: গাড়িতে বসেই আলোয় ভ্রমণ
ডিএফডব্লিউ অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতা রাতের ড্রাইভ–থ্রু শো। ফ্রিসকো, আরলিংটন ও লিটল এলমের দ্য লাইট পার্ক শুরু হয়েছে ৭ নভেম্বর; এটিকে বিশ্বের সবচেয়ে লম্বা লাইট টানেল বলা হচ্ছে। গ্র্যান্ড প্রেইরির প্রেইরি লাইটস–এ মিলিয়ন মিলিয়ন আলোয় সাজানো দুই মাইল পথ, সঙ্গে নতুন লাইট টানেল ও ওয়াক–থ্রু ফরেস্ট। টেক্সাস মোটর স্পিডওয়ের গিফট অব লাইটস–এ ট্র্যাকজুড়ে সাজানো প্রায় ৩০ লাখ লাইট। প্লানোর ডিয়ারফিল্ড ও আরলিংটনের ইন্টারলোকেন–এর ঘরবাড়িগুলো ডিসেম্বরজুড়ে বিনামূল্যে দেখার সুযোগ দর্শনার্থীদের।
হাঁটতে হাঁটতে জাদুর অভিজ্ঞতা
হেঁটে দেখার জন্য আছে অ্যাস্ট্রা লুমিনার তারাময় ট্রেইল, গ্র্যান্ড প্রেইরির বিশাল লণ্ঠন উৎসব টিয়ানিউ, আরবোরেটামের নতুন ‘নাইট গ্লো’, ডালাস চিড়িয়াখানার জু লাইটস, অ্যাডিসনের বিখ্যাত ভিট্রুভিয়ান লাইটস, সেলিনার পারিবারিক পার্ক মিরাকল অন ১৩৪থ স্ট্রিট, বেডফোর্ডের ডে–স্টার ক্রিসমাসসহ আরও অনেক আয়োজন।
শপিং সেন্টার ও বাণিজ্যিক ডিসপ্লে
গ্রেপভাইনের গেলর্ড টেক্সান আবারও হয়ে উঠেছে টেক্সাসের শীতের রাজ্য। গ্যালারিয়া ডালাসের ৯৫ ফুট উঁচু আইস-রিংক ট্রিটি থাকবে মৌসুমের কেন্দ্রবিন্দুতে। আর গ্রেপভাইনের ঐতিহাসিক মেইন স্ট্রিট—'ক্রিসমাস ক্যাপিটাল অব টেক্সাস'—আগের মতোই জমজমাট।
স্পেশাল শো ও প্যারেড
ফ্রিসকোর দ্য স্টার–এ কাওবয়েস ক্রিসমাস এক্সট্রাভ্যাগাঞ্জা, ফোর্ট ওয়ার্থের প্যারেড অব লাইটস, গ্র্যান্ড প্রেইরির ড্রোন শো, এসএমইউ’র আলো উৎসব—প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও সাজানো আছে উৎসবের সন্ধ্যা।
ট্রি ও মেনোরাহ লাইটিং
ফ্রিসকো, গ্যালারিয়া, ডালাস সিটি হল, ক্লাইড ওয়ারেন পার্ক—ডালাস এলাকার বেশিরভাগ বড় স্থানে নভেম্বর–ডিসেম্বরে থাকে আলাদা ট্রি লাইটিং নাইট। পাশাপাশি হানুকাহ উপলক্ষে দেখা যাবে গ্যালারিয়া, সিটি লাইন ও ফ্রিসকোতে মেনোরাহ লাইটিংও।
হলিডে লাইট ট্যুর
যারা গাইডেড ট্যুর পছন্দ করেন, তাদের জন্য আছে ডালাস বাই চকোলেট–এর চকোলেটসহ লাইট ট্যুর এবং বিগ ডি ফান ট্যুরস–এর হাইল্যান্ড পার্কে ট্রলি রাইড। পরিবার থেকে শুরু করে ডেট নাইট—সব ক্ষেত্রেই জমে রকমারি আলোয় মোড়ানো এই সফর।
ডালাসের ছুটির মৌসুম মানেই হাজারো আলো, মিউজিক, গরম চকলেট আর পরিবার–বন্ধুর সঙ্গে সময় কাটানোর উৎসব। ক্রিসমাস যত ঘনিয়ে আসবে, আয়োজনের সংখ্যাও তত বাড়বে—আরও বর্ণিল হয়ে উঠবে পুরো শহর।
তথ্যসূত্র: কালচারম্যাপ ডালাস