ব্যবসাপ্রতিষ্ঠানে ‘স্ম্যাশ-অ্যান্ড-গ্র্যাব’ চুরি: নর্থইস্ট ডালাসে উদ্বেগ
নর্থইস্ট ডালাসের অ্যাব্রামস রোড এলাকায় এক রাতেই একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ‘স্ম্যাশ-অ্যান্ড-গ্র্যাব’ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত বিচার দাবি করেছেন। দোকানমালিকদের দাবি, একই ব্যক্তি পরপর অন্তত পাঁচটি স্থানে ভাঙচুর ও চুরি চালায়।

মারিও’স ব্রস টাকোসের মালিক মারিও ময়া বলেন, ‘আমাদের উল্টো পাশের পিজা হাট থেকে শুরু করে সাবওয়ে, ফরেস্ট ও অ্যাব্রামসের প্রিমোস ব্রাদার্স পিজা—এরপর পাশের বেকারি লা মডেরেনা—সবখানেই সে হামলা চালিয়েছে।’ বৃহস্পতিবার রাতভর এই চুরিগুলো ঘটে বলে জানান তিনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পাথর ব্যবহার করে দোকানের কাচ ভেঙে ভেতরে ঢুকে সরাসরি ক্যাশ রেজিস্টারের দিকে যাচ্ছে। তিনটি আলাদা ভিডিওতে একই পোশাক ও একই পাথর ব্যবহার করতে দেখা গেছে বলে জানান ব্যবসায়ীরা।
ডালাস পুলিশ এখনো এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র বা সন্দেহভাজনের নাম জানায়নি। ক্ষতিগ্রস্ত তিনটি ব্যবসা জানিয়েছে, চোর সামান্য নগদ টাকা নিয়ে পালালেও ভাঙচুরে ক্ষতির পরিমাণ অনেক বেশি।
দ্রুত সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
তথ্যসূত্র: সিবিএস নিউজ