সাক্ষাৎকার ছাড়াই আশ্রয় আবেদন ইমিগ্রেশন কোর্টে পাঠাতে পারবে ইউএস সিআইএস

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া নির্দিষ্ট ব্যক্তিদের আবেদন এখন থেকে সাক্ষাৎকার ছাড়াই সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠাতে পারবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএস সিআইএস)। গত ২৮ জুলাই মঙ্গলবার এই নিয়ম কার্যকর হয়েছে।

Aug 12, 2026 - 08:27
সাক্ষাৎকার ছাড়াই আশ্রয় আবেদন ইমিগ্রেশন কোর্টে পাঠাতে পারবে ইউএস সিআইএস
উইকিমিডিয়া কমন্স: Tdorante10

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া নির্দিষ্ট ব্যক্তিদের আবেদন এখন থেকে সাক্ষাৎকার ছাড়াই সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠাতে পারবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএস সিআইএস)। গত ২৮ জুলাই মঙ্গলবার এই নিয়ম কার্যকর হয়েছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নতুন বিধিমালার নাম অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম রেফারেলস উইদাউট ইন্টারভিউ (৯১ এফআর ৪৭১০১)। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই নিয়ম প্রণয়নে সাধারণ পাবলিক কমেন্ট প্রক্রিয়া এড়িয়ে গেছে।

যাঁরা যুক্তরাষ্ট্রে সর্বশেষ প্রবেশের এক বছরেরও বেশি সময় পর আবেদন করেছেন বা যাঁদের প্রবেশের তারিখ রেকর্ডে অস্পষ্ট, তাঁদের আবেদন এই নিয়মের আওতায় পড়বে। বর্তমানে ১৪ লাখ ৩০ হাজার মুলতুবি মামলার মধ্যে প্রায় ৪ লাখ ৪৪ হাজার ৭২৪টি, অর্থাৎ ৩১ শতাংশ, প্রভাবিত হতে পারে।

ইউএস সিআইএস জানিয়েছে, কোর্টে রেফার করা মানে আবেদন প্রত্যাখ্যান নয়, সেখানে নতুন করে শুনানির সুযোগ থাকবে। এই নতুন নিয়ম আসে গত ৫ জুন বৃহস্পতিবার একটি ফেডারেল আদালতের রায়ের পর, যেখানে আশ্রয় প্রক্রিয়া সংক্রান্ত আগের একটি স্থগিতাদেশ বাতিল হয়।

এই নিয়মের বিরুদ্ধে পাবলিক কমেন্ট জমা দেওয়ার সুযোগ রয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ইউএস সিআইএসের মুলতুবি মামলার সংখ্যা এ বছর রেকর্ড ১ কোটি ১৩ লাখে পৌঁছেছে এবং গড় নিষ্পত্তির সময় ১৮.৬ মাসে দাঁড়িয়েছে।

সূত্র: ইউএস সিআইএস