মার্কিন সুপ্রিম কোর্ট হাইতি ও সিরিয়ার সাড়ে তিন লাখ অভিবাসীর সুরক্ষা প্রত্যাহারে ট্রাম্পকে অনুমতি দিয়েছে
মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার সিরীয় অভিবাসীর টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বাতিল করার অনুমতি দিয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার সিরীয় অভিবাসীর টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বাতিল করার অনুমতি দিয়েছে।
গত ২৬ জুন বৃহস্পতিবার ঘোষিত এই রায়ে আদালত মতাদর্শগত ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েন। এনবিসি নিউজ জানিয়েছে, রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল আলিতো সংখ্যাগরিষ্ঠের পক্ষে লিখিত রায়ে বলেন, সংশ্লিষ্ট আইন আদালতকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সুরক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত পর্যালোচনার অধিকার থেকে বিরত রেখেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র আবিগেইল জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস সংজ্ঞা অনুযায়ীই সাময়িক। ১৯৯০ সালে চালু হওয়া এই কর্মসূচি যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশ থেকে আসা মানুষদের মানবিক সুরক্ষা এবং সর্বোচ্চ ১৮ মাসের কাজের অনুমতি দেয়।
বিরোধী মতে উদারপন্থী বিচারপতি এলেনা কাগান ট্রাম্পের হাইতি সম্পর্কিত বিভিন্ন মন্তব্য উদ্ধৃত করে বলেন, এই সিদ্ধান্তে জাতিগত উদ্দেশ্য স্পষ্ট। মামলার বাদী পক্ষের আইনজীবী জিওফ পিপলি বলেছেন, এই রায়ের ফলে হাজার হাজার নিরীহ মানুষ সরাসরি প্রাণ হারাবেন।
গত বছর সুপ্রিম কোর্ট দুটি পৃথক রায়ে যুক্তরাষ্ট্রে থাকা ৬ লাখ ভেনেজুয়েলীয় অভিবাসীর টিপিএস বাতিল করতেও ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিয়েছিল। সুরক্ষা হারানো অভিবাসীরা আশ্রয় বা অন্য আইনি পথে যুক্তরাষ্ট্রে থাকার আবেদন করতে পারবেন।
সূত্র: এনবিসি নিউজ