আপটাউন ডালাসে ১৩০ কোটি ডলারের হাব খুলছে মর্গান স্ট্যানলি

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি ডালাসের আপটাউন এলাকায় একটি প্রধান কার্যক্রম কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এই প্রকল্পে সরাসরি ও পরোক্ষ মিলিয়ে ১৩০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হবে এবং তিন হাজার আটশোর বেশি কর্মসংস্থান তৈরি হবে।

Sep 28, 2026 - 19:24
আপটাউন ডালাসে ১৩০ কোটি ডলারের হাব খুলছে মর্গান স্ট্যানলি
উইকিমিডিয়া কমন্স: DKW 85

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি ডালাসের আপটাউন এলাকায় একটি প্রধান কার্যক্রম কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এই প্রকল্পে সরাসরি ও পরোক্ষ মিলিয়ে ১৩০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হবে এবং তিন হাজার আটশোর বেশি কর্মসংস্থান তৈরি হবে।

গত ২৮ সেপ্টেম্বর সোমবার ডালাসের নগর কর্তৃপক্ষ ও গভর্নর গ্রেগ অ্যাবটের দপ্তর এই ঘোষণা দেয়। সিবিএস টেক্সাসের প্রতিবেদনে বলা হয়েছে, ডালাস সিটি কাউন্সিল মর্গান স্ট্যানলিকে এক কোটি ৮৫ লাখ ডলারের অর্থনৈতিক উন্নয়ন অনুদান এবং দুটি পর্যায়ের জন্য কর রেয়াত দেবে।

এর পাশাপাশি টেক্সাস এন্টারপ্রাইজ ফান্ড থেকে ব্যাংকটিকে প্রায় চার কোটি ৪০ লাখ ডলারের অনুদান এবং সামরিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মী নিয়োগের জন্য অতিরিক্ত ৪০ হাজার ডলার বোনাস দেওয়া হবে। নতুন অফিসটি উডাল রজার্স ফ্রিওয়ের উত্তরে ২৪০১ ম্যাককিনি অ্যাভিনিউতে নির্মিত হবে।

ডালাসের মেয়র এরিক জনসন বলেন, এই বিনিয়োগ ডালাসকে আমেরিকার অন্যতম প্রধান অর্থায়ন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং শহরের উত্থানের আরেকটি মাইলফলক। মর্গান স্ট্যানলির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক গ্রসম্যান বলেন, ডালাসে বিস্তার তাদের প্রবৃদ্ধি কৌশলের অংশ।

মর্গান স্ট্যানলি নিউ ইয়র্কভিত্তিক একটি বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, যেটি ৪২টি দেশে কার্যক্রম পরিচালনা করে এবং বিশ্বজুড়ে ৮০ হাজারের বেশি কর্মী রয়েছে। হাব স্থাপনের ক্ষেত্রে ব্যাংকটি জর্জিয়ার আটলান্টাকেও বিকল্প হিসেবে বিবেচনা করছিল।

সূত্র: সিবিএস টেক্সাস