ইউনাইটেডহেলথের সিইও হত্যায় লুইজি মাঞ্জোনি দোষী সাব্যস্ত, যাবজ্জীবনের মুখে

মার্কিন স্বাস্থ্য বিমা কোম্পানি ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে হত্যার অভিযোগে ২৮ বছর বয়সী লুইজি মাঞ্জোনি নিউইয়র্কের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। গত ১৪ আগস্ট বৃহস্পতিবার শুনানিতে তিনি আন্তরাজ্যিক ধাওয়া করে হত্যার দুটি অভিযোগে দোষ স্বীকার করেন।

Aug 14, 2026 - 19:13
ইউনাইটেডহেলথের সিইও হত্যায় লুইজি মাঞ্জোনি দোষী সাব্যস্ত, যাবজ্জীবনের মুখে
উইকিমিডিয়া কমন্স: Kidfly182

মার্কিন স্বাস্থ্য বিমা কোম্পানি ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে হত্যার অভিযোগে ২৮ বছর বয়সী লুইজি মাঞ্জোনি নিউইয়র্কের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। গত ১৪ আগস্ট বৃহস্পতিবার শুনানিতে তিনি আন্তরাজ্যিক ধাওয়া করে হত্যার দুটি অভিযোগে দোষ স্বীকার করেন।

আদালতে মাঞ্জোনি বলেন, আমি ম্যানহাটনে মিস্টার থম্পসনকে গুলি করেছিলাম এবং তিনি মারা যান। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আরো স্বীকার করেন যা করছিলাম তা বেআইনি জেনেই করেছি। হত্যার আগে মাঞ্জোনি একজন বিনিয়োগকারী পরিচয়ে ইউনাইটেডহেলথকেয়ারে যোগাযোগ করে থম্পসন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

২০২৪ সালের ৪ ডিসেম্বর ম্যানহাটনে একটি বিনিয়োগকারী সম্মেলনের বাইরে থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং সাজা হলে মুক্তির আগে কমপক্ষে ৮৫ শতাংশ মেয়াদ পূরণ করতে হবে।

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, তিনি মাঞ্জোনির জন্য যাবজ্জীবন কারাদণ্ড চাইবেন। আগামী ১৮ ডিসেম্বর ফেডারেল আদালতে সাজা ঘোষণার কথা রয়েছে।

ফেডারেল মামলায় দোষ স্বীকারের পর মাঞ্জোনির আইনজীবীরা নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে হত্যা ও অস্ত্র মামলা খারিজের আবেদন করেছেন, যুক্তি দিয়ে বলেছেন দ্বৈত বিচার আইনে একই অপরাধে দ্বিতীয়বার বিচার করা যায় না। রাজ্যের মামলার জুরি নির্বাচন ৮ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: সিএনএন