এফডিএ জিন নিকোটিন পাউচকে সিগারেটের চেয়ে কম ক্ষতিকর বলে বিপণনের অনুমতি দিল
placeholder
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সুইডিশ ম্যাচ ইউএসএর ২০টি জিন নিকোটিন পাউচ পণ্যকে সিগারেটের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বলে বিপণনের অনুমতি দিয়েছে।
এনপিআর জানায়, ৫ আগস্ট জারি করা এই অনুমোদন অনুযায়ী এখন থেকে এই পণ্যগুলোর প্যাকেটে লেখা যাবে 'সিগারেটের পরিবর্তে জিন ব্যবহার করলে মুখের ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, স্ট্রোক, এমফিসেমা এবং দীর্ঘস্থায়ী ব্রংকাইটিসের ঝুঁকি কমে।'
এফডিএ জানায়, বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে এই দাবি সঠিক এবং ভোক্তারা তা বুঝতে সক্ষম। জিন পণ্যগুলো ২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বিক্রির অনুমোদন পেয়েছে।
কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, জিন সিগারেটের চেয়ে নিরাপদ বিকল্প এবং যুক্তরাষ্ট্রে প্রতি বছর তামাকজনিত কারণে মৃত্যু হওয়া প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষকে সাহায্য করতে পারে। তবে অন্যরা বলছেন, এটি বিশেষত কিশোর-কিশোরীদের মধ্যে নিকোটিন আসক্তির প্রবেশদ্বার হয়ে উঠতে পারে।
নিকোটিন পাউচ এমন একটি পণ্য যা মুখের মধ্যে রাখা হয় এবং এতে কোনো তামাকপাতা নেই। ধূমপায়ীদের বিকল্প হিসেবে এফডিএ এই পণ্যকে 'মডিফাইড রিস্ক' বিভাগে অনুমোদন দিল, যা তামাক নিয়ন্ত্রণ ইতিহাসে বিরল।
সূত্র: এনপিআর