লোডশেডিং ছাড়া উপায় নেই, এফএসআরইউ মেরামত পর্যন্ত অপেক্ষা: বিদ্যুৎমন্ত্রী
এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত সংলাপে তিনি গ্যাস সংকটের কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত শেষ না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গত ১৩ আগস্ট বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে গবেষণাপ্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সংলাপে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, এফএসআরইউতে আগুন লাগার পর থেকেই চলমান সংকট শুরু হয়েছে এবং নতুন করে গ্যাস উত্তোলন বা এফএসআরইউ ছাড়া বিদ্যমান গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব নয়।
মন্ত্রী সতর্ক করেন, এফএসআরইউ মেরামতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা কাজ করছেন। মেরামত শেষে নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করতে পুরো সিস্টেম টানা ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যার ফলে সাময়িকভাবে গ্যাসের তীব্র সংকট দেখা দেবে।
শিল্পে গ্যাস সংকট কমাতে ভোলা থেকে কনটেইনার ট্রাকে গ্যাস কারখানায় পৌঁছানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কনটেইনারে গ্যাস সরবরাহ নিয়ে কথা চলছে। সৌরবিদ্যুৎ উৎসাহিত করতে সোলার ব্যাটারি ও ইনভার্টারের আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ এবং পাঁচ বছরের করছাড় দেওয়া হয়েছে।
গ্যাসের চাহিদা মেটাতে ২০২৯ সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরও তিনটি এফএসআরইউ বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। ইতিমধ্যে একটি নতুন এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে। আগামী সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের পূর্ণাঙ্গ পরিকল্পনা তুলে ধরবেন।
সূত্র: প্রথম আলো