ফোর্ট ওয়ার্থে মুগ্ধতা ছড়িয়েছে জাপাটার দায়িত্ববোধ
ফোর্ট ওয়ার্থের এক আবাসিক এলাকায় তদন্তে গিয়ে গুলির ঘটনায় আহত সিভিলিয়ান রেসপন্স ইউনিট (সিআরইউ) কর্মকর্তা এডওয়ার্ড জাপাটা এক সপ্তাহ পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হামলায় তার বাম চোখে গুরুতর আঘাত লাগে।
ফোর্ট ওয়ার্থের এক আবাসিক এলাকায় তদন্তে গিয়ে গুলির ঘটনায় আহত সিভিলিয়ান রেসপন্স ইউনিট (সিআরইউ) কর্মকর্তা এডওয়ার্ড জাপাটা এক সপ্তাহ পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হামলায় তার বাম চোখে গুরুতর আঘাত লাগে।
জুলিয়েট লেনে গত ২৮ এপ্রিল একটি গাড়ি চুরির অভিযোগ তদন্তে গিয়েছিলেন জাপাটা। তিনি জানান, ঘটনাটি ছিল আগের রাতের একটি নন-ইমার্জেন্সি কল। তার দায়িত্ব ছিল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা।
জাপাটা বলেন, ‘গুলির অংশবিশেষ এখনো চোখের আশপাশে রয়ে গেছে।’ সাবেক মেরিন কমব্যাট ভেটেরান জাপাটা চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ওয়ার্থ পুলিশ বিভাগের সিআরইউতে যোগ দেন। এই ইউনিটের কর্মকর্তারা সাধারণত নিরস্ত্র থাকেন এবং সরাসরি গোলাগুলির ঘটনায় সাড়া দেন না।
তদন্ত চলাকালে ৩৯ বছর বয়সী অ্যাঞ্জেল ক্যান্টু হঠাৎ রাইফেল থেকে গুলি ছোড়া শুরু করেন বলে জানায় পুলিশ। বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গুলির মধ্যেও জাপাটা বাড়ির মালিককে আড়াল করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ওই সময় উড়ে আসা ধাতব টুকরো তার বাম চোখে আঘাত করে। জাপাটা বলেন, ‘যদি ঘটনাস্থলে হুমকি থাকে, আমরা জানি কীভাবে সেখান থেকে নিরাপদে বের হতে হয়।’
পরে ক্যান্টুর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। তিনি পালিয়ে গেলে আশপাশের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পরে একই দিন তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারি কর্মচারীর ওপর গুরুতর হামলার তিনটি অভিযোগ আনা হয়েছে। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
গুলির ঘটনার পর জাপাটাকে হাসপাতালে নেওয়া হয় এবং বৃহস্পতিবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান ফোর্ট ওয়ার্থ পুলিশের সদস্যরা।
ফোর্ট ওয়ার্থ পুলিশ প্রধান এডি গার্সিয়া বলেন, ‘নিজের আঘাত সত্ত্বেও জাপাটা একজন নিরীহ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন।’
ঘটনার স্মৃতিচারণ করে জাপাটা বলেন, বিভাগের সহকর্মীদের সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে। সুস্থ হয়ে দ্রুত আবার দায়িত্বে ফিরতে চান বলেও জানান তিনি।
আগামী সপ্তাহে জাপাটার সম্মানে একটি বিশেষ সিআরইউ অ্যাপ্রিসিয়েশন লাঞ্চের আয়োজন করবে ফোর্ট ওয়ার্থ পুলিশ বিভাগ।
তথ্যসূত্র: ফক্স ফোর