ফোর্ট ওয়ার্থে পৃথক দুই ঘটনায় পুলিশ গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের ফোর্ট ওয়ার্থে একই ঘটনাস্থলে পৃথক দুই ঘটনায় পুলিশ গুলিতে দুই সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফোর্ট ওয়ার্থে একই ঘটনাস্থলে পৃথক দুই ঘটনায় পুলিশ গুলিতে দুই সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
শনিবার ভোরে পূর্ব ফোর্ট ওয়ার্থের উইম্যান ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফোর্ট ওয়ার্থ পুলিশ প্রধান এডি গার্সিয়া। পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১২টার কিছু পর ৯১১ নম্বরে একাধিক ফোন ও বার্তায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। সেখানে একটি পার্টি চলছিল এবং পৌঁছানোর পরও অতিরিক্ত গুলির শব্দ শুনতে পান তাঁরা।
এডি গার্সিয়া জানান, ঘটনাস্থলে এক সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হন কর্মকর্তারা। ওই ব্যক্তি পুলিশের নির্দেশ অমান্য করে অস্ত্র তাক করলে অন্তত একজন কর্মকর্তা গুলি চালান। ঘটনাস্থলেই ওই সন্দেহভাজনের মৃত্যু হয়। পরে দমকল বাহিনী পৌঁছানো পর্যন্ত পুলিশ সদস্যরা তাকে চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় অন্য কোনো কর্মকর্তা আহত হননি।
পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে প্রথম ঘটনার তদন্ত চলাকালে একটি সাদা এসইউভি দ্রুতগতিতে কয়েকবার ঘটনাস্থলের পাশ দিয়ে যায়। পুলিশের দাবি, চালক সেখানে থাকা কর্মকর্তাদের গাড়ির দিকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালানোর চেষ্টা করছিলেন।
পরে গাড়িটিকে থামানোর চেষ্টা করলে প্রায় ১৫ মিনিট ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ‘পিআইটি ম্যানুভার’ ব্যবহার করে গাড়িটি থামানো হয়।
পুলিশ জানায়, কর্মকর্তারা অস্ত্র তাক করে নির্দেশ দেওয়ার পরও গাড়ির চালক সহযোগিতা করেননি। বরং তিনি এক কর্মকর্তার অস্ত্র ধরার চেষ্টা করেন। এরপর একাধিক কর্মকর্তা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় এক কর্মকর্তা আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত কর্মকর্তার অবস্থা স্থিতিশীল।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফোর্ট ওয়ার্থ পুলিশ।
তথ্যসূত্র: এনবিসি ৫