মার্কিন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ
যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি দুই ডক্টরাল শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি দুই ডক্টরাল শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনেররই বয়স ২৭ বছর। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল টাম্পা এলাকার পৃথক দুটি স্থানে তাঁদের শেষবার দেখা গিয়েছিল।
লিমনকে সেদিন সকাল ৯টার দিকে তার টাম্পার বাসভবনে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে, বৃষ্টিকে সকাল ১০টার দিকে ইউএসএফ ট্যাম্পা ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায়।
দুজনই একে অপরের বন্ধু। তাদের এক পরিচিত ব্যক্তি ১৭ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে বিষয়টি জানান, যখন তিনি তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থীর তথ্য অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছিলেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এবং হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের গোয়েন্দারা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
ডালাস বার্তা ডেস্ক