ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে মতামত নেওয়া হবে লিটনদের
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে কি না—এ সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। শুরু থেকেই সরকারী নির্দেশনার অপেক্ষায় থাকা বিসিবি বুধবার রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে।

বিসিবি সভাপতি জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ (বৃহস্পতিবার) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা। ভারতে খেলা–না খেলার বিষয়ে খেলোয়াড়দের মতামত নেওয়া হবে।
ক্রীড়া উপদেষ্টা একাধিকবার বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল পাঠানো হবে না। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই আইসিসিকে জানাবে বিসিবি।
বুধবার আইসিসি সভায় ১২–২ ভোটে বাংলাদেশ হেরে যাওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলেও জানানো হয়। বাংলাদেশ শেষ পর্যন্ত না গেলে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ড খেলবে।
২০০৭ সাল থেকে হওয়া প্রতিটি টি–টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নিয়েছে বাংলাদেশ। এবারের আসরে না খেললে তা বিসিবির জন্য বড় ধাক্কা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আপোস না করার অবস্থানেই অনড়।
সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় এবং শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে হওয়ার কথা।
ডালাস বার্তা প্রতিবেদক