টেক্সাসে ক্রিসমাস ইভে এটিএম লুটের ব্যর্থ চেষ্টা
টেক্সাসের হোয়াইট সেটেলমেন্টে ক্রিসমাস ইভের ভোরে একটি দোকান থেকে এটিএম লুটের চেষ্টা ব্যর্থ হয়েছে। ধাতব তার দিয়ে এসইউভির সঙ্গে বেঁধে এটিএম টেনে বের করার সময় সেটি ছুটে গেলে চোরেরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
টেক্সাসের হোয়াইট সেটেলমেন্টে ক্রিসমাস ইভের ভোরে একটি দোকান থেকে এটিএম লুটের চেষ্টা ব্যর্থ হয়েছে। ধাতব তার দিয়ে এসইউভির সঙ্গে বেঁধে এটিএম টেনে বের করার সময় সেটি ছুটে গেলে চোরেরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ভোর সাড়ে ৩টার দিকে সাউথ চেরি স্ট্রিটের ২৬০০ ব্লকে এ ঘটনা ঘটে। দুই সন্দেহভাজন দোকানের সামনের কাচের দরজা ভেঙে এটিএম টেনে বের করলেও পালানোর সময় সেটি আলাদা হয়ে পড়ে। পরে ইন্টারস্টেট ৩০–এর সার্ভিস রোডে পরিত্যক্ত অবস্থায় এটিএমটি উদ্ধার করা হয়।
লাইসেন্স প্লেট রিডার ও নজরদারি ক্যামেরার সহায়তায় পুলিশ ঘটনার এক মাইলের মধ্যেই ব্যবহৃত এসইউভিটি শনাক্ত করে। তদন্তে জানা যায়, গাড়িটি ঘটনার এক ঘণ্টা আগে ডালাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে চুরি করা হয়েছিল। সন্দেহভাজনরা গাড়ি ফেলে হেঁটে পালিয়েছে বা অন্য গাড়িতে উঠেছে বলে ধারণা পুলিশের।
হোয়াইট সেটেলমেন্ট পুলিশের প্রধান ক্রিস কুক জানান, গত দুই সপ্তাহে ডালাস–ফোর্ট ওয়ার্থ এলাকায় ঘটে যাওয়া একই ধরনের একাধিক এটিএম চুরির ঘটনার সঙ্গে এর যোগ থাকতে পারে। তাঁর মতে, প্রতিবারই চুরি করা এসইউভি, দুইজন সন্দেহভাজন এবং একই কৌশল ব্যবহার করা হচ্ছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন দুজনই কালো হুডি, কালো প্যান্ট, মুখোশ ও কমলা গ্লাভস পরা ছিল। একজনের পায়ে সাদা জুতা, অন্যজনের কালো টেনিস শু। তথ্য থাকলে ডিটেকটিভ জিওভানি রামিরেজের সঙ্গে যোগাযোগ করতে অথবা ট্যারান্ট কাউন্টি ক্রাইম স্টপার্সে গোপন সূত্র দিতে অনুরোধ করেছে পুলিশ।
তথ্যসূত্র: ফক্স ফোর