কাবরেরা অধ্যায়ের শেষ, নতুন কোচের খোঁজে বাফুফে
বাংলাদেশ ফুটবলে চার বছরের হাভিয়ের কাবরেরা অধ্যায় সমাপ্তির পথে। ৩০ এপ্রিল বাফুফের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কাবরেরার সঙ্গে সরাসরি চুক্তি নবায়ন না করে নতুন কোচের সন্ধানে নেমেছে ফেডারেশন।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর কাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনায় বাফুফে এখন বিকল্প ভাবছে। এ প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কাবরেরার সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে। যার পরিপ্রেক্ষিতে আমরা এখন থেকে নতুন কোচের সন্ধানে নেমেছি। আমরা তাঁর চেয়ে বেটার কিছু পাওয়ার চেষ্টা করছি। যদি আরও উন্নত মানের কাউকে পাই, তবে তাকেই আমরা গ্রহণ করব।’
বিগত সময়ে স্বল্পমেয়াদি কোচ নিয়োগ দিলেও এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাচ্ছে বাফুফে। বাবু জানান, ‘আমরা আগামী দুই বছরের জন্য প্রধান কোচ নিয়োগ দেব। একই সঙ্গে একজন গোলকিপিং কোচকেও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। আজ থেকে আমরা কোচের সিভি দেখা শুরু করেছি। এমনকি বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ করছি।’ তবে কাবরেরার জন্য সুযোগ একেবারে বন্ধ হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নতুন কোচের ইন্টারভিউ নেব। সে ক্ষেত্রে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবেন। তবে আগের কোনো কিছু আর চলবে না, সবাইকে নতুন করে আবেদন করতে হবে।’
পুরো নিয়োগপ্রক্রিয়াটি তাবিথ আউয়ালের নেতৃত্বে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি তদারকি করবে। নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে বাবু বলেন, ‘বাফুফের আলাদা কোনো পছন্দ নেই, আমাদের প্রক্রিয়া একদম ওপেন। আমরা কোচের প্রোফাইল, লাইসেন্স, অতীত সাফল্য এবং বাংলাদেশের ফুটবলারদের বুঝতে পারার যোগ্যতা দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
ডালাস বার্তা প্রতিবেদক