আজহারীর ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ
ইহুদিবিদ্বেষী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ আখ্যা দেওয়ার অভিযোগে ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার তাকে সফরের মাঝপথেই দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।
ইহুদিবিদ্বেষী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ আখ্যা দেওয়ার অভিযোগে ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার তাকে সফরের মাঝপথেই দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।
বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারই আজহারীর ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে যান। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডানিয়াম জানান, আজহারীর সফর নিয়ে আগেই সতর্ক করেছিল বিভিন্ন সামাজিক সংগঠন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ’-সহ কয়েকটি সংগঠন মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে এ বিষয়ে উদ্বেগ জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন। সেখানে তিনি ‘হলোকাস্টের’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বলে অভিযোগ রয়েছে।
এর আগে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি, নিজ দেশেও একসময় জনসমাবেশে বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর।
প্রায় এক কোটি অনলাইন অনুসারী থাকা আজহারী এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর প্রবাসী সম্প্রদায়ের মাঝে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন।
ডালাস বার্তা ডেস্ক