মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে অ্যাপলের ২৫ কোটি ডলারের সমঝোতা, ক্ষতিপূরণ পেতে পারেন আইফোন ব্যবহারকারীরা
যুক্তরাষ্ট্রে কিছু আইফোন ব্যবহারকারী এখন অ্যাপল থেকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ও সিরির নতুন এআই সুবিধা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে দায়ের করা এক ক্লাস-অ্যাকশন মামলায় ২৫ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে প্রযুক্তি জায়ান্টটি।
যুক্তরাষ্ট্রে কিছু আইফোন ব্যবহারকারী এখন অ্যাপল থেকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ও সিরির নতুন এআই সুবিধা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে দায়ের করা এক ক্লাস-অ্যাকশন মামলায় ২৫ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে প্রযুক্তি জায়ান্টটি।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে দাখিল করা নথিতে বলা হয়, ২০২৪ সালে আইফোন ১৬ উন্মোচনের সময় অ্যাপল সিরির উন্নত এআই ফিচার নিয়ে ব্যাপক প্রচারণা চালায়। তবে দুই বছর পরও সেই প্রতিশ্রুত ফিচারগুলো পুরোপুরি চালু হয়নি।
মামলায় অভিযোগ করা হয়, অস্তিত্বহীন বা অসম্পূর্ণ ফিচার দেখিয়ে গ্রাহকদের নতুন আইফোন কিনতে প্রলুব্ধ করেছে অ্যাপল। বাদীপক্ষের দাবি, প্রকৃত অবস্থা জানা থাকলে অনেক ক্রেতাই ডিভাইস কিনতেন না, কিংবা কম দামে কিনতেন।
সমঝোতার আওতায় ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় ৩ কোটি ৭০ লাখ ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে আইফোন ১৬ সিরিজের সব মডেল, পাশাপাশি আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স।
যোগ্য গ্রাহকেরা প্রতিটি ডিভাইসের জন্য অন্তত ২৫ ডলার পাবেন। দাবি জমার সংখ্যার ওপর নির্ভর করে এই অর্থ সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত হতে পারে। আদালতের অনুমোদন পেলে এটি অ্যাপলের ইতিহাসে অন্যতম বড় সমঝোতা হিসেবে বিবেচিত হবে।
অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুটি অতিরিক্ত ফিচারের প্রাপ্যতা নিয়ে ওঠা অভিযোগ নিষ্পত্তিতে আমরা সমঝোতায় পৌঁছেছি। আমাদের মূল লক্ষ্য উদ্ভাবনী পণ্য ও সেবা সরবরাহে মনোযোগ ধরে রাখা।’
প্রতিদ্বন্দ্বী গুগল ও স্যামসাং যখন দ্রুত নতুন এআই ফিচার চালু করছে, তখন অ্যাপল এখনো তাদের সিরি আপগ্রেড সম্পূর্ণ করতে পারেনি। তবে আগামী মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন সিরি সংস্করণ উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: এনবিসি ৫