২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যগুলো মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ১২৬ জনের। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জনে।
এ সময়ে বরিশালে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে সিলেটে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রামে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৬৯ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।
ডালাস বার্তা ডেস্ক