টেক্সাসে ২৬টি স্ক্রুওয়ার্ম সংক্রমণ, পশ্চিমাঞ্চলের ২১ কাউন্টিতে জরুরি সংগনিরোধ জারি

টেক্সাসে মাংসখেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের প্রাদুর্ভাব বাড়ছে। রাজ্যে ২৬টি সংক্রমণ নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ পশ্চিম টেক্সাসের ২১টি কাউন্টিতে কঠোর সংগনিরোধ জারি করেছে।

Jun 30, 2026 - 08:10
টেক্সাসে ২৬টি স্ক্রুওয়ার্ম সংক্রমণ, পশ্চিমাঞ্চলের ২১ কাউন্টিতে জরুরি সংগনিরোধ জারি
উইকিমিডিয়া কমন্স: CSIRO

টেক্সাসে মাংসখেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের প্রাদুর্ভাব বাড়ছে। রাজ্যে ২৬টি সংক্রমণ নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ পশ্চিম টেক্সাসের ২১টি কাউন্টিতে কঠোর সংগনিরোধ জারি করেছে।

টেক্সাস অ্যানিমাল হেলথ কমিশন জানায়, গত ২৭ জুন শনিবার ক্রকেট কাউন্টির একটি গরুতে সর্বশেষ সংক্রমণ নিশ্চিত হয়। গত ২৮ জুন রোববার কর্তৃপক্ষ সংগনিরোধ এলাকা আরও প্রসারিত করে নতুন আদেশ জারি করেন, যা পাঁচটি নতুন কাউন্টিকে অন্তর্ভুক্ত করেছে।

ব্যান্ডেরা, কোক, ক্রকেট, এডওয়ার্ডস, গিলেসপি, জিম হগ, কার, কিম্বল, লা সালে, মেডিনা, পেকোস, শ্লাইচার, স্টার, সাটন, টেরেল, টম গ্রিন, উভালডে, ভাল ভার্ডে, ওয়েব, জাপাটা ও জাভালা কাউন্টিতে সরকারি অনুমোদন ছাড়া গবাদিপশু, চামড়া ও মৃত প্রাণী স্থানান্তর নিষিদ্ধ।

গভর্নর গ্রেগ অ্যাবট এই প্রাদুর্ভাবকে রাজ্যিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন। অননুমোদিত স্থানান্তর করলে প্রশাসনিক জরিমানা ও ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। পশুপালকদের প্রতিদিন গবাদিপশু পরিদর্শন করতে এবং সন্দেহজনক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরজীবী মাছি খোলা ক্ষত বা পোকার কামড়ের স্থানে ডিম পাড়ে এবং লার্ভা জীবন্ত মাংস খেয়ে মারাত্মক ক্ষতি করে। চিকিৎসা না হলে সংক্রমণ প্রাণঘাতী হতে পারে। ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্র থেকে এই পরজীবী নির্মূল হয়েছিল, তবে ২০২৬ সালে মেক্সিকো সীমান্ত পেরিয়ে এটি আবার ফিরে এসেছে।

সূত্র: ফক্স সেভেন অস্টিন