ফোর্ট হুড হামলার দোষী নিদাল হাসানকে ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে গণহত্যার দোষী সাবেক সেনা কর্মকর্তা নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে ফোর্ট হুডেই তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

Oct 7, 2026 - 19:09
ফোর্ট হুড হামলার দোষী নিদাল হাসানকে ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড
উইকিমিডিয়া কমন্স

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে গণহত্যার দোষী সাবেক সেনা কর্মকর্তা নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে ফোর্ট হুডেই তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে ভারপ্রাপ্ত সেনা সচিব অ্যাডাম টেলে এই তারিখ ঘোষণা করেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ অনুমোদন করেছেন।

হাসান ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে একটি প্রসেসিং সেন্টারে আধা-স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে গুলি চালান। ১৩ জন নিহত হন, যাদের মধ্যে একজন গর্ভবতী সেনা সদস্যও ছিলেন। আরও ৩২ জন আহত হন।

২০১৩ সালে কোর্ট মার্শালে হাসান নিজেই হামলার দায় স্বীকার করেন এবং বলেন, তালেবানকে রক্ষায় তিনি এই হামলা চালিয়েছেন। বর্তমানে ৫৬ বছর বয়সী হাসান একসময় মার্কিন সেনাবাহিনীর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

এটি কার্যকর হলে ১৯৪৫ সালের ৩১ জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর প্রথম মৃত্যুদণ্ড হবে। ওই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ থেকে পালানোর দায়ে প্রাইভেট এডি স্লোভিককে ফ্রান্সে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সূত্র: নেভি টাইমস