৩২ বছর পর ডালাসের হত্যা মামলায় ডিএনএ সূত্রে গ্রেপ্তার
ডালাসে ১৯৯৩ সালের একটি অমীমাংসিত হত্যা মামলায় ৩২ বছর পর আসামি গ্রেপ্তার হয়েছে। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলের দেওয়ালে পাওয়া রক্তের সাথে ৫৬ বছর বয়সী গ্যারি লেন রসের মিল পাওয়া যায়।
ডালাসে ১৯৯৩ সালের একটি অমীমাংসিত হত্যা মামলায় ৩২ বছর পর আসামি গ্রেপ্তার হয়েছে। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলের দেওয়ালে পাওয়া রক্তের সাথে ৫৬ বছর বয়সী গ্যারি লেন রসের মিল পাওয়া যায়।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, ১৯৯৩ সালের ১৮ মে ডালাসের হ্যাসকেল অ্যাভিনিউয়ের ১৫০০ নম্বর ব্লকে নিজের বাসায় ৫৫ বছর বয়সী টমি ডেভিসকে খুন অবস্থায় পাওয়া যায়। তখন দরজায় সামান্য আঘাতের চিহ্ন ও কিছু জিনিসপত্র নিখোঁজ থাকা ছাড়া তদন্তে তেমন সূত্র মেলেনি।
পরবর্তীতে ডেটেক্টিভ আইসম মামলাটি নতুন করে তদন্ত শুরু করেন এবং বেশ কয়েকটি আলামত ফরেনসিক পরীক্ষায় পাঠান। পরীক্ষায় দেখা যায়, ঘরের দেওয়ালে পাওয়া রক্ত ডেভিসের নয়। ওই রক্তের ডিএনএ প্রোফাইল কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেমে প্রবেশ করালে রসের সাথে মিলে যায়।
মৃত্যুর ধরন ও রসের সাথে ডেভিসের সম্পর্কসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে ডেটেক্টিভ আইসম গ্রেপ্তারি পরোয়ানা জারি করান। গত ২ অক্টোবর শুক্রবার রসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডার চার্জ দেওয়া হয়েছে এবং তিনি এখন লু স্টেরেট জাস্টিস সেন্টারে আটক আছেন।
ডালাস পুলিশের ক্যাপার্স ইউনিটের মেজর ববি এপারসন বলেন, সময় যত পেরিয়ে যাক, ডালাস পুলিশ প্রতিটি মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাপার্স ইউনিট দীর্ঘদিন ধরে ডালাসের অমীমাংসিত হত্যা মামলাগুলো তদন্ত করে আসছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ