১০ বছরের প্রেমে পূর্ণতা, জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো
দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের লিসবনের কাছে কাসকাইসে অনুষ্ঠিত হয় বিয়ে, উপস্থিত ছিল তাঁদের পাঁচ সন্তান।
দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী জর্জিনাকে বিয়ে করে কার্যত আর্জেন্টিনার জামাই বনে গেলেন তিনি।
পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, লিসবনের কাছে কাসকাইস এলাকায় তাঁরা গাঁটছড়া বাঁধেন। বিয়েতে তাঁদের পাঁচ সন্তান উপস্থিত ছিল। এরপর রোনালদো নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে জর্জিনার হাতের ওপর তাঁর হাত রাখা এবং দুজনেই আংটি পরে আছেন।
গত বছরের ১১ আগস্ট বাগদানের খবর জানিয়েছিলেন রোনালদো ও জর্জিনা। সেই সময় জর্জিনা একটি বড় আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।” ঠিক এক বছরের মাথায় তাঁদের বিয়ে হলো।
এর কদিন আগে পর্তুগালের ফুনশাল ক্যাথেড্রালে রোনালদোর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমে যায়। পরে জানা যায়, সেখানে অন্য কারও বিয়ে হচ্ছিল। ক্যাথেড্রাল কর্তৃপক্ষ বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে, আর রোনালদোও সেই পোস্টে মজার ইমোজি দেন।
জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শো-রুমে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তাঁর পরিচয় হয়। রোনালদো তখন রিয়াল মাদ্রিদে খেলতেন। ১০ বছর পর লিসবনে তাঁদের প্রেম পেল পূর্ণতা।
সূত্র: আজকের পত্রিকা