কোনো উদ্যোগই থামাতে পারছে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, ব্যাংক খাতে খেলাপির হার ৩৩.৮০%
বাংলাদেশ ব্যাংকের নানা নীতিগত ছাড় ও ঋণ পুনর্গঠন উদ্যোগের পরও ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা জুনের তুলনায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বেশি। খেলাপি ঋণের হার বেড়ে ৩৩.৮০ শতাংশে দাঁড়িয়েছে। দুর্বল অর্থনীতি, জ্বালানি সংকট, উচ্চ সুদহার, বিনিয়োগে অনীহা, ঋণ আদায়ে আইনি জটিলতা ও ব্যাংকগুলোর দুর্বল ব্যবস্থাপনাকে এই সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।
ঋণখেলাপি কমাতে নেওয়া পদক্ষেপেও মিলছে না সুফল
কেন্দ্রীয় ব্যাংকের গত এক বছরে নেওয়া নানা নীতিগত ছাড়ের পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।
জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুনে খেলাপি ঋণের হার ছিল ৩২.৭৮ শতাংশ, যা সেপ্টেম্বরে বেড়ে ৩৩.৮০ শতাংশে দাঁড়িয়েছে।
জ্যেষ্ঠ ব্যাংকারদের মতে, ঋণ পুনঃতফসিলীকরণে বিশেষ ছাড়, সুদ মওকুফসহ এককালীন ঋণ থেকে বেরিয়ে আসার সুযোগ, বন্ধ কারখানার জন্য বিশেষ স্কিম এবং আংশিক ঋণ অবলোপনের মতো বিভিন্ন উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে পারেনি। এর পেছনে বাস্তবায়নগত জটিলতা ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি বড় ভূমিকা রাখছে।
এদিকে নতুন সরকার গঠনের পরও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক পরিবেশ চাপে রয়েছে। অনেক ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ করতে পারছেন না। একই সঙ্গে তীব্র জ্বালানি সংকট মূল্যস্ফীতি বাড়াচ্ছে এবং ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধি করছে।
ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহ কমেছে। টানা সাত মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে, যা ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বর্তমানে যেসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, তার অনেকগুলোই বছরের পর বছর সমস্যাগ্রস্ত ছিল। তবে এখন সেগুলো আনুষ্ঠানিকভাবে ব্যাংকের হিসাব ও আর্থিক বিবরণীতে খেলাপি হিসেবে স্বীকৃতি পাচ্ছে।
তিনি বলেন, অর্থনৈতিক মন্দার কারণে ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা কমে যাওয়ায় নীতিগত সুবিধাগুলোর সুফল এখনো দৃশ্যমান হয়নি। বড় ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা চালু করা হলেও খুব কম ব্যক্তি বা প্রতিষ্ঠান এতে সাড়া দিয়েছে। যারা আবেদন করেছে, তাদের অধিকাংশই ঋণ পরিশোধের পরিবর্তে পুনঃতফসিলীকরণের পথ বেছে নিয়েছে।
তবে তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব নীতির কার্যকারিতা আরও স্পষ্ট হতে পারে।
অর্থনীতিবিদদের অবশ্য সতর্কবার্তা, জবাবদিহি নিশ্চিত না করে বারবার ছাড় দেওয়া হলে সংকট আরও গভীর হতে পারে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ঋণগ্রহীতাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হলেও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে আদালতের স্থগিতাদেশ নিয়ে খেলাপি ঋণগ্রহীতাদের নতুন ঋণ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি সতর্ক করেন, এ ধরনের পদক্ষেপ ব্যাংকিং শৃঙ্খলা দুর্বল করতে পারে।
জাহিদ বলেন, “যেসব ঋণগ্রহীতা সত্যিকার অর্থে ঋণ পরিশোধ করতে চান, তারা যখন দেখেন অন্যরা খেলাপি থাকা সত্ত্বেও নতুন ঋণ পাচ্ছেন, তখন তারা নিরুৎসাহিত হতে পারেন।”
তিনি আরও বলেন, এভাবে ধীরে ধীরে ব্যবসায়ীদের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার আগ্রহ কমে যায়।
ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ খেলাপি ঋণে আটকে থাকায় পুনঃতফসিলীকরণ ও ঋণ থেকে বেরিয়ে আসার সুযোগ ব্যাংকগুলোর মূলধন পুনরুদ্ধার এবং তা অর্থনীতিতে পুনরায় বিনিয়োগের সক্ষমতা আরও সীমিত করে।
জাহিদ হোসেন বলেন, “এর ফলে প্রকৃত উদ্যোক্তা ও টেকসই ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ঋণপ্রাপ্তি সীমিত হতে পারে। বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এর ব্যাপক প্রভাব পড়তে পারে।”
কেন নীতিগত উদ্যোগগুলো বাস্তবায়নে আটকে যাচ্ছে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ঋণ থেকে বেরিয়ে আসার নীতির উদাহরণ দিয়ে বলেন, নীতিগত কাঠামোটি যথাযথ এবং আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি ব্যাখ্যা করেন, “আমি যদি পুরো অর্থ আদায় করতে না পারি, কিন্তু ঋণগ্রহীতার সঙ্গে সমঝোতা করে মূল ঋণের একটি উল্লেখযোগ্য অংশ আদায় করতে পারি, তাহলে বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।”
তবে বড় পরিসরে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না, কারণ ব্যাংকগুলো ঋণ বা সমস্যাগ্রস্ত সম্পদ কেনার মতো ক্রেতা পাচ্ছে না। তাঁর মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাজারে ক্রেতার উপস্থিতি প্রায় নেই বললেই চলে।
মাহবুব বলেন, বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগে আগ্রহী হলে সমস্যাগ্রস্ত সম্পদগুলো এতদিনে হাতবদল হতে পারত। কিন্তু বাজারে খুব কম মানুষ অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত, আর যাদের অর্থ আছে, তারাও বড় বিনিয়োগের ক্ষেত্রে আত্মবিশ্বাস পাচ্ছেন না।
আগে বিনিয়োগকারীরা মনে করতেন, সরকার বাজারের পাশে রয়েছে এবং প্রয়োজনে সহায়তা করবে। কিন্তু সেই আস্থার জায়গাটি এখন অনেকটাই হারিয়ে গেছে।
অন্যদিকে, ব্যাংকগুলো ঋণ দেওয়ার মতো যোগ্য গ্রাহকও খুঁজে পাচ্ছে না। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভালো ঋণগ্রহীতারাও ঋণ নিতে আগ্রহী নন।
আইনি জটিলতা ও সুশাসনের ঘাটতিও বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। অন্য একটি বেসরকারি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বন্ধ কারখানাগুলো নতুন বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “বাস্তবে কি এটা করা সম্ভব? ব্যাংকগুলো যদি সহজেই কারখানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অন্য কারও কাছে হস্তান্তর করতে পারত, তাহলে এত মামলা-মোকদ্দমা কেন থাকত?”
তিনি আরও বলেন, ঋণখেলাপি হলেই কোনো ব্যাংক ঋণগ্রহীতার সম্মতি বা আইনি কর্তৃত্ব ছাড়া তার কারখানা দখল করে অন্য কারও কাছে হস্তান্তর কিংবা ইজারা দেওয়ার অধিকার পায় না।
ওই কর্মকর্তা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় একটি অসংগতির কথাও তুলে ধরেন। বিভিন্ন উদ্যোগের আওতায় ব্যাংকগুলোকে ঋণ বিতরণের জন্য চাপ দেওয়া হচ্ছে, অথচ গভর্নর বারবার ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিতে বলছেন, কারণ ঋণের ঝুঁকির দায় শেষ পর্যন্ত ব্যাংকের নিজস্ব আর্থিক বিবরণীর ওপরই বর্তায়।
বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত আলোচনা ছাড়াই একের পর এক সার্কুলার জারি করছে বলেও তিনি সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলোর মতামত প্রায়ই উপেক্ষা করা হয়।
তিনি বলেন, “বন্ধ কারখানা পুনরায় চালুর বিষয়ে আমরা বেশ কয়েকটি প্রশ্ন জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। সবকিছু শুধু আইনি বা নিয়ন্ত্রক দৃষ্টিকোণ থেকে না দেখে সরকার, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর একসঙ্গে বসে বাস্তব সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।”
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেন, খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে।
প্রথমত, বাংলাদেশ ব্যাংকের ঋণ থেকে বেরিয়ে আসার নীতি এবং ঋণ পুনর্গঠন উদ্যোগগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এসব উদ্যোগ চলমান থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর অসহযোগিতা বা অনীহার কারণে কার্যকর বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। কিছুটা হলেও প্রায় সব বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রেই এ প্রবণতা দেখা যাচ্ছে।
দ্বিতীয়ত, ব্যবসায়িক কার্যক্রমে মন্দা চলছে। দুর্বল চাহিদার কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না, ফলে নতুন করে খেলাপি ঋণ বাড়ছে। তাঁর মতে, এই দুটি কারণই মূলত খেলাপি ঋণের ঊর্ধ্বগতির জন্য দায়ী।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেন, খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে।
তিনি বলেন, “বিগত বছরগুলোতে দীর্ঘদিনের অনিয়ম, ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা, উচ্চ সুদহার, বিনিময় হারের চাপ, জ্বালানি সংকট এবং ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি—এসব কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান চাপে পড়েছে। ফলে কিছু ক্ষেত্রে সময়মতো ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।”
পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা, প্রকৃত ব্যবসায়ীদের সহায়ক নীতি প্রণয়ন, যৌক্তিক ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি বলে তিনি মনে করেন।
আংশিক ঋণ অবলোপনেও কমছে না খেলাপি ঋণ
২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত জামানত থাকা ঋণের আংশিক অবলোপনের অনুমতি দেয়। আন্তর্জাতিকভাবে প্রচলিত আইএফআরএস ৯ (IFRS 9) হিসাবমান অনুযায়ী এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
বাংলাদেশ ব্যাংকের সূত্রগুলোর ধারণা ছিল, ব্যাংকগুলো এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর করলে খেলাপি ঋণের হার ১৬ থেকে ১৯ শতাংশে নামিয়ে আনা সম্ভব হতে পারে। কিন্তু এখন পর্যন্ত খুব কম ব্যাংকই এ সুবিধা গ্রহণ করেছে।
এর ব্যতিক্রম ব্যাংক এশিয়া। ব্যাংকটি ইতোমধ্যে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার ঋণ অবলোপন করেছে এবং আরও ৮০০ কোটি টাকা অবলোপনের পরিকল্পনা রয়েছে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, “ডিসেম্বরের মধ্যে আমাদের খেলাপি ঋণের হার প্রায় ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করছি।”
তিনি স্বীকার করেন, প্রয়োজনীয় প্রভিশন বা ঋণের বিপরীতে সংরক্ষিত অর্থের ব্যবস্থা করতে গিয়ে ব্যাংককে মুনাফার ওপর বড় ধরনের চাপ নিতে হয়েছে। তবে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
সোহেল ব্যাখ্যা করেন, “ঋণ অবলোপন করলে সেটি ব্যাংকের ব্যালান্স শিট থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু আইনি প্রক্রিয়ায় ঋণ আদায়ের কার্যক্রম বন্ধ হয় না।”
তিনি বলেন, ব্যাংকটির কৌশল ছিল ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করা। শুরুতে গ্রাহকরা আশা করেছিলেন, অন্যান্য ব্যাংকের মতো ব্যাংক এশিয়াও তাদের ঋণ ৮ থেকে ১০ বছরের জন্য পুনঃতফসিল করবে। কিন্তু ব্যাংকটি তাতে রাজি হয়নি।
এই কঠোর অবস্থানের কারণে প্রথমদিকে ব্যাংক এশিয়ার খেলাপি ঋণের হার ৩.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৬ শতাংশে পৌঁছেছিল। তবে সোহেল জানান, দুই থেকে তিন বছর ধরে ধারাবাহিক চাপ বজায় রাখার ফলে ঋণগ্রহীতারা আলোচনায় আসতে বাধ্য হয়েছেন এবং ঋণ আদায় আবার শুরু হয়েছে।
অন্য ব্যাংকগুলো কেন একই পথে হাঁটছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে তাদের পর্যাপ্ত মূলধন সংরক্ষণ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
সোহেল বলেন, “ব্যাংকগুলো যদি পর্যাপ্ত প্রভিশন সংরক্ষণ করে থাকে, তাহলে যোগ্য ঋণ আংশিক অবলোপন করতে বাধা থাকার কথা নয়।”
সূত্র: The Business Standard (TBS)