ডালাসে বিশ্বকাপ উন্মাদনা, আর্জেন্টাইন সমর্থকদের র্যালি
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি। আর সেই উত্তেজনাকে সামনে রেখে বুধবার রাতে ডালাসে জড়ো হয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকেরা।
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি। আর সেই উত্তেজনাকে সামনে রেখে বুধবার রাতে ডালাসে জড়ো হয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকেরা।
ডাউনটাউন ডালাসের কাছে মার্গারেট হান্ট হিল ব্রিজের পাশে আয়োজিত এই সমাবেশে অংশ নেন কয়েক ডজন আর্জেন্টাইন সমর্থক। বিশ্বকাপ ঘিরে উন্মাদনা বাড়াতে সেখানে বাজানো হয় আর্জেন্টিনার গ্যালারির পরিচিত বিভিন্ন গান।
সমর্থকদের ব্যান্ড দলের সদস্যদের ড্রাম, ট্রাম্পেটসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়। বিশ্বকাপে ডালাসে হতে যাওয়া আর্জেন্টিনা দলের ম্যাচগুলোয় এসব গান বাজানো হবে। তারই একটা মহড়া হয়ে গেল এদিন। র্যালিতে অনেক সমর্থকের গায়ে ছিল আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির জার্সি। কারও কারও হাতে ছিল আবার দেশটির পতাকা।
এই র্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকদের আশা, নর্থ টেক্সাসে হতে যাওয়া আর্জেন্টিনার ম্যাচে মেসিকে সরাসরি মাঠে দেখতে পারবেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ডালাসে দুটি ম্যাচ খেলবে। ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেসরা।
যাঁরা মেসিকে ডালাসে দেখার আশা করছেন তাঁদেরই একজন- ফ্রাঙ্কো আমিয়েভা। আর্জেন্টিনার সুপারফ্যানও বলা যায় তাঁকে। স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ফুটবলে অনেক দলেরই ব্যান্ডে আছে, তবে আর্জেন্টিনার ব্যান্ডটি আলাদা। কারণ তাদের সংস্কৃতি ফুটবল এবং সংগীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর ভাষায়, ‘ফুটবলের আনন্দ আর ছোটবেলা থেকে যা করে বড় হয়েছি, সেটাই এখানে দেখা যায়। এখনই আর্জেন্টিনায় গেলে হয়তো পাঁচ বছরের বাচ্চাদেরও ড্রাম বাজাতে দেখবেন।’
আমিয়েভা জানান, নর্থ টেক্সাসে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচের টিকিট তাঁর কাছে রয়েছে। স্টেডিয়ামের ভেতরে ব্যান্ডের বাদ্যযন্ত্র নিয়ে ঢোকার অনুমতি পাওয়ার আশাও করছেন তিনি।
তথ্যসূত্র: ফক্স ফোর