চীনে ৩০০ কোটি ডলারের এনভিডিয়া জিপিইউ চোরাচালান, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ার সান গ্যাব্রিয়েলের বাসিন্দা গ্রেগ লুই (৩৮) মার্কিন সরকার নিয়ন্ত্রিত উচ্চক্ষমতার কম্পিউটার সার্ভার চীনে পাচার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। মার্কিন বিচার বিভাগ জানায়, গত ২ অক্টোবর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তিন দফা অভিযোগ আনা হয়েছে।

Oct 2, 2026 - 19:25
চীনে ৩০০ কোটি ডলারের এনভিডিয়া জিপিইউ চোরাচালান, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার
উইকিমিডিয়া কমন্স: Coolcaesar

ক্যালিফোর্নিয়ার সান গ্যাব্রিয়েলের বাসিন্দা গ্রেগ লুই (৩৮) মার্কিন সরকার নিয়ন্ত্রিত উচ্চক্ষমতার কম্পিউটার সার্ভার চীনে পাচার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। মার্কিন বিচার বিভাগ জানায়, গত ২ অক্টোবর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তিন দফা অভিযোগ আনা হয়েছে।

এফবিআই ও বাণিজ্য বিভাগের তদন্তে উঠে আসে, লুইয়ের মালিকানাধীন আর্থমেড কম্পিউটার ইনক. ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে এনভিডিয়ার জিপিইউসহ সার্ভার মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠিয়ে সেখান থেকে চীনে পুনরায় রপ্তানি করত। পাচার করা সার্ভারের মোট মূল্য ৩০০ কোটি ডলারেরও বেশি।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে আর্থমেড মালয়েশিয়ার দুটি শিপমেন্ট কোম্পানির কাছ থেকে ১৭ কোটি ৬০ লাখ ডলার পেয়েছে। লুই মার্কিন কোম্পানিগুলোকে মিথ্যা কাগজপত্র দিয়ে বোঝাতেন যে পণ্যগুলো অনুমোদিত গন্তব্যে যাচ্ছে।

লুইয়ের বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ষড়যন্ত্র, পণ্য চোরাচালান এবং অর্থপাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।

মার্কিন জাতীয় নিরাপত্তা সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ বলেন, সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তি এই যুগের সংজ্ঞাকারী প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্র এটিকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করবে। এফবিআই জানায়, লুই চীন সরকারের কাছে এই উন্নত প্রযুক্তি বিক্রি করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: মার্কিন বিচার বিভাগ