যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে স্টেটওয়াইড নির্বাচনে জয় গাজালা হাশমির

ভারতীয় বংশোদ্ভূত গাজালা হাশমি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে কোনো অঙ্গরাজ্যে স্টেটওয়াইড পদে নির্বাচিত হয়েছেন। তিনি ভার্জিনিয়ার ৪৩তম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন।

Jun 24, 2026 - 17:33
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে স্টেটওয়াইড নির্বাচনে জয় গাজালা হাশমির
উইকিমিডিয়া কমন্স: Smash the Iron Cage

ভারতীয় বংশোদ্ভূত গাজালা হাশমি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে কোনো অঙ্গরাজ্যে স্টেটওয়াইড পদে নির্বাচিত হয়েছেন। তিনি ভার্জিনিয়ার ৪৩তম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হাশমি রিপাবলিকান প্রার্থী জন রিডকে ১১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। গত ১৭ জানুয়ারি তিনি রিচমন্ডের ভার্জিনিয়া স্টেট ক্যাপিটলে শপথ নেন।

ভার্জিনিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ক্লিও পাওয়েল তাঁর শপথ পরিচালনা করেন। শপথের সময় হাশমি পরিবারের কোরআন ও ১৭৯৯ সালে মুদ্রিত মার্কিন সংবিধানের একটি মূল কপি ব্যবহার করেন। তিনি ভার্জিনিয়ায় প্রথম এশিয়ান আমেরিকান ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবেও স্টেটওয়াইড পদে জয়লাভ করেছেন।

শপথের পর হাশমি এক্সে লেখেন, 'ভার্জিনিয়ার ৪৩তম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সামর্থ্য, সুযোগ, মর্যাদা ও ন্যায়বিচারকে কেন্দ্রে রেখে কমনওয়েলথ গড়তে গভর্নর ও প্রশাসনের পাশাপাশি কাজ করতে চাই।'

গাজালা হাশমি ১৯৬৪ সালে ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় চলে আসে। তিনি জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং এমোরি ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে ভার্জিনিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত হন এবং গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গারের পাশাপাশি কাজ করছেন।

সূত্র: এনবিসি নিউজ