ফ্লোরিডায় ঐতিহাসিক অভিযানে ১৬৩ নিখোঁজ শিশু উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ফ্লোরিডায় ঐতিহাসিক শিশু উদ্ধার অভিযানে ১৬৩ নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন স্টেটওয়াইড শিল্ড নামের এই অভিযান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে বড় শিশু উদ্ধার কার্যক্রম।

Aug 28, 2026 - 02:34
ফ্লোরিডায় ঐতিহাসিক অভিযানে ১৬৩ নিখোঁজ শিশু উদ্ধার, তিনজন গ্রেপ্তার
উইকিমিডিয়া কমন্স

ফ্লোরিডায় ঐতিহাসিক শিশু উদ্ধার অভিযানে ১৬৩ নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন স্টেটওয়াইড শিল্ড নামের এই অভিযান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে বড় শিশু উদ্ধার কার্যক্রম।

গত ২৫ আগস্ট সোমবার ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার এই সাফল্যের কথা জানান। উদ্ধার হওয়া শিশুদের বয়স দুই মাস থেকে ১৭ বছর। তাঁদের অনেকেই মানব পাচারের শিকার ছিল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্টের নেতৃত্বে পাঁচ দিনব্যাপী এই অভিযান চলে। পেনসাকোলা, ট্যালাহাসি, জ্যাকসনভিল, অরল্যান্ডো, ট্যাম্পা, ফোর্ট মায়ার্স ও মায়ামিতে অভিযান পরিচালিত হয়। ট্যাম্পা বে অঞ্চলে সবচেয়ে বেশি ৪৬ জন, মায়ামিতে ৪১ জন এবং জ্যাকসনভিলে ৩২ জন শিশু উদ্ধার হয়।

তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাইকেল প্রেসকটকে নাবালকের সঙ্গে অশ্লীল আচরণসহ একাধিক অভিযোগে জ্যাকসনভিলে গ্রেপ্তার করা হয়। রবার্ট ফেরাল অ্যালিসনকে লি কাউন্টিতে এবং জেডেন অ্যালেন হারউডকে শিশু হেফাজত মামলায় হস্তক্ষেপের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য, পুয়ের্তো রিকো এবং ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, মেক্সিকোসহ ১২টি দেশ থেকে শিশু উদ্ধার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল উথমায়ার জানিয়েছেন, শিশু যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এমনকি মৃত্যুদণ্ড চাওয়া হবে।

সূত্র: ফক্স নিউজ