মাদকসম্রাট ‘এল মেনচো’ নিহতের পর মেক্সিকোজুড়ে আতঙ্ক
বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর মেক্সিকোজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তত ২০টি রাজ্যে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও হামলার ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

৫৯ বছর বয়সী সারভান্তেস দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, মেথঅ্যামফেটামিন ও কোকেন পাচারের জন্য কুখ্যাত এই মাদকসম্রাট সরকারি কর্মকর্তাদের ওপর প্রকাশ্য হামলার পরিকল্পনার অভিযোগেও অভিযুক্ত ছিলেন। রোববার জালিসকো রাজ্যের তাপালা শহরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন শহরে সহিংসতা শুরু হয়। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাস ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়, গুরুত্বপূর্ণ সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দেশের ৩২টি রাজ্যের বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে।
অস্থিরতায় আক্রান্ত মিচোয়াকান রাজ্যের জিতাকুয়ারোর এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সমাজে যে ভয় তৈরি হয়েছে, তা ভীষণ বিপর্যয়কর। এই চক্রগুলোর ক্ষমতা কতটা গভীর, তা বোঝা যায়—তারা কয়েক মিনিটেই একটি শহর অচল করে দিতে পারে।’
তিনি আরও জানান, পরিবহন খাতের কিছু নেতাকে প্রভাবিত করে তারা শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিতে সক্ষম হচ্ছে। ফলে হাসপাতাল যাওয়া, বাজার করা বা খাবার অর্ডারের মতো মৌলিক সেবাও বন্ধ হয়ে গেছে। পুরো পরিস্থিতি বিশৃঙ্খল ও অনিশ্চয়তায় ভরা।
তথ্যসূত্র: আল জাজিরা