নর্থ ফোর্ট ওয়ার্থে একক ইঞ্জিনের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
নর্থ ফোর্ট ওয়ার্থের বন্ডস র্যাঞ্চ রোডে একটি একক ইঞ্জিনের বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং পাইলট ঘটনাস্থলেই নিহত হন। বিমানটি উইলো স্প্রিংস রোড ও বিজনেস ২৮৭-এর মধ্যবর্তী এলাকায় পড়ে, যা হিক্স এয়ারফিল্ডের কাছে।

ফোর্ট ওয়ার্থ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, গত ৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানটিকে আগুনে পুড়তে দেখেন এবং আগুন নেভানোর পর ভেতরে এক পুরুষকে মৃত অবস্থায় পান।
দুর্ঘটনায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়, তবে পরে সংযোগ পুনরুদ্ধার করা হয়। বিমানটি পড়ার ফলে কাছের একটি ঘাসজমিতে আগুন ধরে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। বিমানটি আশপাশের আবাসিক এলাকায় পড়েনি এবং অন্য কেউ আহত হননি।
ফায়ার বিভাগ জানায়, বিমানটি কোথা থেকে উড়ছিল বা কোথায় যাচ্ছিল তা এখনো জানা যায়নি। প্রথম জরুরি কলের আগেই বিমানটি ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাস্থলে পৌঁছায় এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্তের জন্য রওনা দেয়।
বন্ডস র্যাঞ্চ রোড তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। ফোর্ট ওয়ার্থ পুলিশ চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ