ডিএফডব্লিউ থেকে ফ্লাইটে খাবার আগেই বুক করার সুবিধা আনছে অ্যামেরিকান এয়ারলাইন্স
ফোর্ট ওয়ার্থভিত্তিক অ্যামেরিকান এয়ারলাইন্স ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে আগাম খাবার বুকিংয়ের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে।
ফোর্ট ওয়ার্থভিত্তিক অ্যামেরিকান এয়ারলাইন্স ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে আগাম খাবার বুকিংয়ের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে।
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার দ্য ডালাস মর্নিং নিউজকে এয়ারলাইন্সটির কিউলিনারি স্ট্র্যাটেজি ও অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট র্যাফায়েল জিরার্দনি জানান, রিজার্ভড বায় অন বোর্ড নামের এই কার্যক্রমে যাত্রীরা ফ্লাইটের সাত দিন আগে থেকে ২০ ঘণ্টা আগে পর্যন্ত পছন্দের খাবার বুক করতে পারবেন।
কার্যক্রমটি আগামী ২০ অক্টোবর থেকে চালু হবে এবং যাত্রীরা অ্যামেরিকান এয়ারলাইন্সের অ্যাপ বা এএ ডটকমের মাধ্যমে বুকিং করতে পারবেন। মেনুতে রয়েছে ফ্রুট অ্যান্ড চিজ ট্রে, চিকেন ও টার্কি বেকন র্যাপ, মিক্সড নাটস এবং কেটল কর্নসহ আরও কয়েকটি আইটেম। ডিএফডব্লিউ ও এলএএক্স রুটে প্রতি মাসে এয়ারলাইন্সটির ৮৫০টিরও বেশি ফ্লাইট চলাচল করে।
জিরার্দনি বলেন, যাত্রী ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের পক্ষ থেকে বিমানে পর্যাপ্ত খাবার না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় এক বছর ধরে কার্যক্রমটি তৈরি করা হয়েছে। বুকিং করা খাবার নির্দিষ্ট ফ্লাইটে আলাদাভাবে প্রস্তুত করে বোর্ড করা হবে এবং ফ্লাইটে পরিবেশনের সময় স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট নেওয়া হবে।
আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে সুবিধাটি অ্যামেরিকানের সব ঘরোয়া রুটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিযোগী ডেলটা ও ইউনাইটেড এয়ারলাইন্সের তুলনায় মুনাফায় পিছিয়ে থাকা অ্যামেরিকান গত এক বছর ধরে যাত্রীসেবার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ