হারিকেন পোলোর প্রভাবে টেক্সাসে বন্যার আশঙ্কা, অ্যাবট সক্রিয় করলেন ১ হাজার ৯০০ উদ্ধারকর্মী
টেক্সাসজুড়ে ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় গভর্নর গ্রেগ অ্যাবট জরুরি সম্পদ সক্রিয় করেছেন এবং রাজ্যের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ২৪ ঘণ্টার কার্যক্রমে নামিয়েছেন।
টেক্সাসজুড়ে ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় গভর্নর গ্রেগ অ্যাবট জরুরি সম্পদ সক্রিয় করেছেন এবং রাজ্যের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ২৪ ঘণ্টার কার্যক্রমে নামিয়েছেন।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর সোমবার টেক্সাসের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এক জরুরি ব্রিফিংয়ে অ্যাবট এই ঘোষণা দেন। মঙ্গলবার ভোর সাতটা থেকে সেন্টারটি সার্বক্ষণিক চালু হবে। হারিকেন পোলোর গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতা ও একটি নিম্নচাপ মিলে টেক্সাসে ব্যাপক বজ্রবৃষ্টি ও বন্যা আনতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে ১ হাজার ৯০০-এরও বেশি উদ্ধারকর্মী ও দেড় হাজার যন্ত্রপাতি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টেক্সাস ন্যাশনাল গার্ড, এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের টাস্ক ফোর্স ওয়ানের দ্রুতগতির নৌকার দল এবং ব্ল্যাকহক হেলিকপ্টার মাঠে নামতে প্রস্তুত।
গভর্নর অ্যাবট বলেছেন, ভারী বৃষ্টি ও বন্যার আগেই অতিরিক্ত জরুরি সম্পদ সক্রিয় করা হয়েছে এবং রাজ্যীয় সম্পদ স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে। বন্যার পানিতে গাড়ি না চালানো ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড় প্রথমে পশ্চিম টেক্সাসে আঘাত হানবে এবং সপ্তাহের মাঝামাঝি নাগাদ রাজ্যের বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়বে। নর্থ টেক্সাস ও ডিএফডব্লিউ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ