ডালাসে নববর্ষের আতশবাজি দেখবেন যেভাবে
ডালাসে ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে এবারও বর্ণিল আতশবাজি ও ড্রোন শোর আয়োজন করছে রিইউনিয়ন টাওয়ার। ডাউনটাউন ডালাসের এই আইকনিক টাওয়ার ঘিরে এবারের আয়োজনে থাকছে ৫ হাজার পাইরোটেকনিক বিশেষ ইফেক্ট, ৫০০টি ড্রোনের সমন্বিত প্রদর্শনী এবং টাওয়ারের বল অংশে বসানো ২৫৯টি এলইডি লাইটের আলোঝলমল শো।
এই বিশাল আয়োজনের জন্য টাওয়ারে কয়েক দিন ধরেই চলছে ব্যাপক প্রস্তুতি। তবে দর্শনার্থীদের জন্য কিছু সীমাবদ্ধতাও রয়েছে।
কোথায় থেকে দেখা যাবে আতশবাজি
রিইউনিয়ন টাওয়ার লন কিংবা জিও-ডেক থেকে সরাসরি জনসাধারণের জন্য দেখার সুযোগ থাকছে না। তবু ডাউনটাউন ডালাসের বেশিরভাগ এলাকা থেকেই আকাশজুড়ে ছড়িয়ে পড়া আতশবাজি সহজেই দেখা যাবে।
বিশেষ করে ট্রিনিটি গ্রোভস, রোনাল্ড কির্ক ব্রিজ, রিভারফ্রন্ট বুলেভার্ড ও নর্থ বেকলি অ্যাভিনিউয়ের আশপাশের রাস্তা থেকে দারুণ ভিউ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আতশবাজির সঙ্গে তাল মিলিয়ে সঙ্গীত উপভোগ করতে চাইলে এফএম রেডিওতে ৯৮.৭ ‘দ্য স্পট’ ফ্রিকোয়েন্সিতে টিউন করতে বলা হয়েছে।
হোটেল ও রুফটপ পার্টি
ডাউনটাউন ডালাসের একাধিক হোটেল ও রুফটপ ভেন্যুতেও থাকছে বিশেষ নিউ ইয়ার্স ইভ ওয়াচ পার্টি। এর মধ্যে রয়েছে হায়াত রিজেন্সি ডালাস, ভার্জিন হোটেলের নিউ ইয়ার্স ইভ পার্টি, ক্যানভাস হোটেল ডালাসের ‘মিডনাইট মিরাজ’, ওমনি ডালাস হোটেলের ‘গিলডেড ইন গোল্ড’, টাওয়ার ক্লাব ডালাসের ‘স্টুডিও ৫৪’ পার্টিসহ আরও কয়েকটি আয়োজন।
অনলাইনে দেখবেন যেভাবে
ঘরে বসেই যারা অনুষ্ঠানটি দেখতে চান, তাদের জন্যও রয়েছে ব্যবস্থা। ফক্স ৪ নিউজ তাদের ওয়েবসাইট, ফক্স লোকাল অ্যাপ এবং ইউটিউবের ফক্স ৪ নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে আতশবাজি প্রদর্শনী ও ড্রোন শো।
তথ্যসূত্র: ফক্স ফোর