পাসওয়ার্ড চুরি করে ৩ হাজার কোটি টাকার বিটকয়েন আত্মসাৎ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
গোপনে বাড়িতে ক্যামেরা বসিয়ে পাসওয়ার্ড জেনে প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড (প্রায় ২ হাজার ৯৩৩ কোটি টাকা) মূল্যের বিটকয়েন আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী। মামলাটি বর্তমানে ব্রিটিশ হাইকোর্ট অব জাস্টিসে বিচারাধীন।
গোপনে বাড়িতে ক্যামেরা বসিয়ে পাসওয়ার্ড জেনে প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড (প্রায় ২ হাজার ৯৩৩ কোটি টাকা) মূল্যের বিটকয়েন আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী। মামলাটি বর্তমানে ব্রিটিশ হাইকোর্ট অব জাস্টিসে বিচারাধীন।
৪৪ বছর বয়সী ব্যবসায়ী পিং ফাই ইউয়েন আদালতে দাবি করেছেন, বিচ্ছেদের আলোচনা চলাকালে তাঁর স্ত্রী ফুন ইয়াং লি গোপনে তাঁর ক্রিপ্টোকারেন্সি দখল করেন। মামলার নথিতে বলা হয়েছে, ব্রাইটনে তাদের পারিবারিক বাসভবনে গোপনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ইউয়েন কোথায় বসেন এবং কোথায় নিরাপত্তা পাসওয়ার্ড রাখেন—সেগুলো নজরদারি করা হয়।
ইউয়েনের দাবি, তাঁর বিটকয়েন একটি ব্লকচেইন ঠিকানায় সংরক্ষিত ছিল এবং সেটি ব্যবহার করা হতো ‘কোল্ড ওয়ালেট’-এর মাধ্যমে, যা ইন্টারনেটবিহীন একটি নিরাপদ ডিভাইস। ডিভাইসটি ছয় অঙ্কের পিনে সুরক্ষিত থাকলেও মূল নিরাপত্তা ছিল ২৪ শব্দের একটি ‘সিড ফ্রেজ’ বা মাস্টার পাসওয়ার্ড।
ইউয়েন জানান, ২০২৩ সালের জুলাইয়ে তাঁর বড় মেয়ে তাঁকে সতর্ক করেন যে তাঁর মা বিটকয়েন দখলের চেষ্টা করছেন। এরপর তিনি বাড়িতে গোপনে অডিও রেকর্ডিং ডিভাইস বসান। তাঁর দাবি, ওই রেকর্ডিংয়ে স্ত্রীকে সিসিটিভি ব্যবহার এবং বিটকয়েন স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়।
আদালতে বলা হয়েছে, ইউয়েনের বিটকয়েন ৭১টি আলাদা ব্লকচেইন ঠিকানায় সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তাঁর শ্যালিকা লাই ইয়াং লি সহায়তা করে থাকতে পারেন বলেও অভিযোগ করা হয়েছে।
২০২৩ সালের আগস্টে বিটকয়েন সরিয়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রীকে মুখোমুখি করেন ইউয়েন। ওই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং স্ত্রীকে শারীরিক আঘাতের অভিযোগে তিনি দোষ স্বীকার করেন।
পরে ডিসেম্বর মাসে ইউয়েন বিষয়টি পুলিশকে জানালে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ঘড়ি, ১০টি কোল্ড ওয়ালেট এবং পাঁচটি রিকভারি সিড জব্দ করে।
প্রাথমিক পর্যবেক্ষণে বিচারক বলেন, মামলায় ইউয়েনের জয়ের সম্ভাবনা বেশ শক্তিশালী। তিনি উল্লেখ করেন, অডিও রেকর্ডের ট্রান্সক্রিপ্ট ও তল্লাশিতে উদ্ধার হওয়া সরঞ্জামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ।
ইউয়েন আদালতের কাছে তাঁর বিটকয়েন ফেরত বা সমপরিমাণ অর্থ আদায়ের নির্দেশনা এবং তাঁর স্ত্রী ও শ্যালিকার ক্রিপ্টো সম্পদের ওপর বিশ্বব্যাপী সম্পদ জব্দের আদেশ চেয়েছেন।
তথ্যসূত্র: দ্য টাইমস