এফটিসি ও ২২ অঙ্গরাজ্যের মামলা আমাজনের বিরুদ্ধে, বিজ্ঞাপনে ২ হাজার কোটি ডলার ক্ষতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ও একটি দ্বিদলীয় জোট মিলিয়ে ২২টি অঙ্গরাজ্য আমাজনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। অভিযোগ, কোম্পানি বিজ্ঞাপনদাতাদের না জানিয়ে বিজ্ঞাপনের নিলাম মূল্য কৃত্রিমভাবে বাড়িয়েছে।

Sep 1, 2026 - 08:27
এফটিসি ও ২২ অঙ্গরাজ্যের মামলা আমাজনের বিরুদ্ধে, বিজ্ঞাপনে ২ হাজার কোটি ডলার ক্ষতির অভিযোগ
ছবি: উইকিমিডিয়া কমন্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ও একটি দ্বিদলীয় জোট মিলিয়ে ২২টি অঙ্গরাজ্য আমাজনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। অভিযোগ, কোম্পানি বিজ্ঞাপনদাতাদের না জানিয়ে বিজ্ঞাপনের নিলাম মূল্য কৃত্রিমভাবে বাড়িয়েছে।

এনবিসি নিউজ জানিয়েছে, সোমবার ওয়াশিংটন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় ফেডারেল আদালতে দায়ের করা মামলায় এফটিসি দাবি করেছে, আমাজনের এ কার্যক্রমে বিজ্ঞাপনদাতাদের ২ হাজার কোটি ডলার বা তার বেশি ক্ষতি হয়েছে।

এফটিসির বক্তব্য, আমাজন তার বিজ্ঞাপন গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি ডলার মুনাফা করেছে এবং এ ক্ষতি থেকে অঙ্গরাজ্যগুলো দেওয়ানি জরিমানা আদায় ও অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। সোমবার আমাজনের শেয়ারমূল্য প্রায় ৩ শতাংশ কমে যায়।

আমাজন একটি ব্লগ পোস্টে অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বিজ্ঞাপন নীতির লক্ষ্য ক্রেতাদের কাছে সবচেয়ে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো এবং ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড় ক্লিকপ্রতি খরচ অপরিবর্তিত ছিল।

এর আগে গত বছর সেপ্টেম্বরে আমাজন প্রাইম সদস্যপদ বিষয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে এফটিসিকে ২৫০ কোটি ডলার জরিমানা ও ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছিল। বর্তমান মামলাটি কোম্পানির বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর বৃহত্তম নিয়ন্ত্রক পদক্ষেপগুলোর একটি।

সূত্র: এনবিসি নিউজ