আমাজন প্রথমবারের মতো তিন ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছাল
মার্কিন প্রযুক্তি কোম্পানি আমাজন ইতিহাসে প্রথমবারের মতো তিন ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করেছে। গত ৩ আগস্ট সোমবার কোম্পানির শেয়ার রেকর্ড ২৮৫ দশমিক ০১ ডলারে পৌঁছালে এই মাইলফলক অতিক্রম হয়।
মার্কিন প্রযুক্তি কোম্পানি আমাজন ইতিহাসে প্রথমবারের মতো তিন ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করেছে। গত ৩ আগস্ট সোমবার কোম্পানির শেয়ার রেকর্ড ২৮৫ দশমিক ০১ ডলারে পৌঁছালে এই মাইলফলক অতিক্রম হয়।
সিএনবিসি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকের শক্তিশালী আয়ের প্রতিবেদন প্রকাশের পর আমাজনের শেয়ার ১৫ শতাংশ বৃদ্ধি পায় এবং পরের দিনও আরও ৫ শতাংশ বাড়ে। এ বছর এখন পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম ২৩ শতাংশেরও বেশি বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিকে আমাজনের মোট আয় ছিল ২০০ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি এবং কোম্পানির প্রথম ২০০ বিলিয়ন ডলার ছাড়ানো প্রান্তিক। ক্লাউড সেবা বিভাগ এডব্লিউএস একাই আয় করেছে ৪২ দশমিক ২ বিলিয়ন ডলার, যা বার্ষিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি এবং গত সাড়ে চার বছরের সর্বোচ্চ। অপারেটিং আয় ৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে।
আমাজন এখন অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া ও আলফাবেটের পাশাপাশি তিন ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের ক্লাবে যোগ দিয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার বাজারমূল্য প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার।
আমাজন ২০২৪ সালের জুনে দুই ট্রিলিয়ন ডলারের মূল্যমান স্পর্শ করেছিল। সেখান থেকে মাত্র দুই বছরে আরও এক ট্রিলিয়ন ডলার যুক্ত হয়েছে, যেখানে এক ট্রিলিয়ন থেকে দুই ট্রিলিয়নে পৌঁছাতে কোম্পানির ছয় বছরেরও বেশি সময় লেগেছিল।
সূত্র: সিএনবিসি