মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের মেইল ব্যালট আদেশ দ্বিতীয়বার আটকে দিল আদালত
মার্কিন ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি মেইলে ভোট দেওয়া সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার এই স্থগিতাদেশ আসে, যা প্রথম মেইল ব্যালট পাঠানোর মাত্র এক সপ্তাহ আগের ঘটনা।

এপি নিউজ জানিয়েছে, এটি দ্বিতীয়বারের মতো ওই আদেশ আটকে যাওয়া। ডেমোক্র্যাট ও ভোটাধিকার সংগঠনগুলো সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রক্রিয়াগত রায়ের পর নতুন করে মামলা দায়ের করলে বিচারক তালওয়ানি এই স্থগিতাদেশ দেন। সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা আদেশের আইনগত বৈধতায় সিদ্ধান্ত না দিয়ে বলেছিল, বিচারক আগেভাগে পদক্ষেপ নিয়েছিলেন।
মার্কিন ডাক বিভাগ জানিয়ে দিয়েছে, রাজ্যগুলো ভোটারদের তালিকা না দিলে এবং নির্ধারিত ফরম্যাটে খামের ব্যবস্থা না করলে মেইল ব্যালট পৌঁছে দেওয়া হবে না। প্রায় এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মেইলে ভোট দেন।
বিচারক তালওয়ানি আদেশে বলেছেন, রাজ্যগুলোর কাছে মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন ব্যালট ডিজাইন করা, অনুমোদন নেওয়া, ব্যালট মুদ্রণ, নির্বাচন ব্যবস্থাপনা হালনাগাদ করা এবং ডাক বিভাগের পোর্টালে তথ্য আপলোড করার মতো সময় ও অর্থ কোনোটাই নেই।
মামলাটি শিগগিরই সুপ্রিম কোর্টে আপিল হতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক বিধি জারি করেছে যা ডাক বিভাগ মেইল ব্যালট পৌঁছে দেবে কি না সে বিষয়টি নির্ধারণ করে। এই আইনি টানাটানি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: এপি নিউজ