সমাজতন্ত্রের বিরোধিতায় নতুন অঙ্গীকারপত্রে সই ১৩ মধ্যপন্থী ডেমোক্র্যাটের

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ১৩ জন মধ্যপন্থী প্রতিনিধি ও কংগ্রেস প্রার্থী নতুন একটি রাজনৈতিক অঙ্গীকারপত্রে সই করেছেন। প্রমিস টু আমেরিকা নামে এই উদ্যোগে তারা নিজেদেরকে স্পষ্টভাবে সমাজতন্ত্রী নই, আমরা পুঁজিবাদে বিশ্বাসী বলে ঘোষণা করেছেন।

Jun 26, 2026 - 20:59
সমাজতন্ত্রের বিরোধিতায় নতুন অঙ্গীকারপত্রে সই ১৩ মধ্যপন্থী ডেমোক্র্যাটের
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ১৩ জন মধ্যপন্থী প্রতিনিধি ও কংগ্রেস প্রার্থী নতুন একটি রাজনৈতিক অঙ্গীকারপত্রে সই করেছেন। প্রমিস টু আমেরিকা নামে এই উদ্যোগে তারা নিজেদেরকে স্পষ্টভাবে সমাজতন্ত্রী নই, আমরা পুঁজিবাদে বিশ্বাসী বলে ঘোষণা করেছেন।

অঙ্গীকারপত্রে বলা হয়েছে, তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিযোগিতা ও কর্মসংস্থানের পক্ষে। একই সঙ্গে নিরাপদ সীমান্ত, সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা, জননিরাপত্তা, আর্থিক শৃঙ্খলা, কার্যকর সরকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের প্রতি গর্বের মতো বিষয়গুলোকে সমর্থন করেন।

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন নিউইয়র্কের প্রতিনিধি টম সুওজি এবং ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি অ্যাডাম গ্রে। সুওজি বলেন, ডেমোক্র্যাটিক পার্টির চরম বামপন্থী ও চরম ডানপন্থী উভয় পক্ষই সংগঠিত। মধ্যপন্থীদেরও নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমরা পুঁজিবাদের পক্ষে, সমাজতন্ত্রের নয়। আমরা আইনশৃঙ্খলার পক্ষে, বিশৃঙ্খলার নয়। আমরা আমেরিকা নিয়ে গর্বিত।

নিউইয়র্কের সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ)-সমর্থিত কয়েকজন প্রার্থীর জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির ভেতরের আদর্শগত বিভাজন আবারও সামনে আসে। বিশ্লেষকদের মতে, নতুন এই অঙ্গীকারপত্র সেই প্রেক্ষাপটেই মধ্যপন্থী ডেমোক্র্যাটদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা।

সমর্থকেরা মনে করছেন, এই উদ্যোগ দোদুল্যমান আসনের ভোটারদের কাছে ডেমোক্র্যাটিক পার্টিকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। তবে প্রগতিশীল নেতাদের মতে, সমাজতান্ত্রিক নীতির বিরোধিতা করে নয়, বরং আয়বৈষম্য ও স্বাস্থ্যসেবার মতো ইস্যুতে আরও শক্ত অবস্থান নিলেই দলটি বেশি সমর্থন পাবে।

সূত্র: দ্য ডালাস এক্সপ্রেস