আইআরএসের সঙ্গে ট্রাম্পের সমঝোতা বাতিল করলেন বিচারক, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কর আদায়কারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের মধ্যে হওয়া একটি বিতর্কিত সমঝোতা বাতিল করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক। একই সঙ্গে মামলাটি পরিচালনার সঙ্গে যুক্ত ট্রাম্পের কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছেন তিনি।

Jul 13, 2026 - 16:57
আইআরএসের সঙ্গে ট্রাম্পের সমঝোতা বাতিল করলেন বিচারক, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কর আদায়কারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের মধ্যে হওয়া একটি বিতর্কিত সমঝোতা বাতিল করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক। একই সঙ্গে মামলাটি পরিচালনার সঙ্গে যুক্ত ট্রাম্পের কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছেন তিনি।

ফ্লোরিডার ফেডারেল বিচারক ক্যাথলিন উইলিয়ামস সোমবার দেওয়া ৫৬ পৃষ্ঠার আদেশে বলেন, আইআরএস ও অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে ট্রাম্পের মামলাটি যথাযথ উদ্দেশ্যে করা হয়নি। তাঁর মতে, এই মামলার মাধ্যমে বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করে একটি বিতর্কিত সমঝোতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

ট্রাম্প, তাঁর দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প এবং ট্রাম্প অর্গানাইজেশন চলতি বছরের জানুয়ারিতে আইআরএস ও অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে ১ হাজার কোটি ডলারের মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল, ট্রাম্পের গোপন করসংক্রান্ত নথি সুরক্ষিত রাখতে সরকার ব্যর্থ হয়েছে। আইআরএসের সাবেক এক ঠিকাদার এসব নথি সংগ্রহ করে সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছিলেন।

পরে ট্রাম্পের আইনজীবী এবং বিচার বিভাগের কর্মকর্তারা মামলাটি সমঝোতার মাধ্যমে শেষ করার উদ্যোগ নেন। ওই সমঝোতায় ট্রাম্প, তাঁর পরিবারের সদস্য এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অতীতের কিছু করসংক্রান্ত বিষয়ে আইআরএসের তদন্ত থেকে সুরক্ষা দেওয়ার কথা ছিল। পাশাপাশি সরকারি সংস্থার রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের জন্য প্রায় ১৭৮ কোটি ডলারের একটি তহবিল তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছিল।

তবে ওই তহবিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সমালোচকেরা প্রশ্ন তুলেছিলেন, প্রেসিডেন্ট একই সঙ্গে সরকারের প্রধান এবং সরকারের বিরুদ্ধে মামলার বাদী হওয়ায় দুই পক্ষের মধ্যে প্রকৃত বিরোধ ছিল কি না। পরে প্রশাসন তহবিলটি চালু করার পরিকল্পনা থেকে সরে আসার কথা জানায়।

বিচারক উইলিয়ামস বলেছেন, সরকার ও ট্রাম্পের আইনজীবীরা আদালতে পরস্পরবিরোধী দুই পক্ষ হিসেবে কাজ করেননি। তাঁর মতে, মামলাটি একটি প্রকৃত আইনি বিরোধ সমাধানের পরিবর্তে ট্রাম্প ও তাঁর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল।

বিচারক ট্রাম্পের আইনজীবী আলেহান্দ্রো ব্রিতোর বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ফ্লোরিডা বার কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। আরেক আইনজীবী ড্যানিয়েল এপস্টেইনের ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলা পরিচালনার ক্ষমতাও সীমিত করা হয়েছে। বিচারক আরও নির্দেশ দিয়েছেন, বাতিল হওয়া ওই সমঝোতাকে ভবিষ্যতে কোনো সরকারি বা আইনি কার্যক্রমে বৈধ সমঝোতা হিসেবে ব্যবহার করা যাবে না।

এই রায়ের ফলে ট্রাম্প, তাঁর পরিবার এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অতীত কর নথি আইআরএসের তদন্ত থেকে স্থায়ীভাবে সুরক্ষিত থাকবে না। রায়ের বিষয়ে ট্রাম্পের আইনজীবী এবং বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: সিএনএন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস, ১৩ জুলাই ২০২৬